স্বাস্থ্য বুলেটিন ফাঁস: সেলিম খানের চিকিৎসার গোপনীয়তা নিয়ে ক্ষুব্ধ সালমান
বলিউড সুপারস্টার সালমান খান তার বাবা ও প্রবীণ চিত্রনাট্যকার সেলিম খানের চিকিৎসার বিষয়বস্তু হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে গণমাধ্যমে প্রকাশ করায় তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন। মস্তিষ্কে রক্তক্ষরণের কারণে গত মঙ্গলবার সকালে সেলিম খানকে হাসপাতালে ভর্তি করা হলেও চিকিৎসকরা নিজেরাই তার শারীরিক অবস্থার নিয়মিত বুলেটিন প্রকাশ করছিলেন। এমন পরিস্থিতিতে খান পরিবার তাদের কড়া আপত্তি জানিয়েছে।
সেলিম খানের মস্তিষ্কে কোনো অস্ত্রোপচার হয়নি, কেবল ডিএসএ (ডিজিটাল সাবট্র্যাকশন অ্যাঞ্জিওগ্রাফি) করা হয়েছে বলে জানা গেছে। বুধবার ডা. জলিল পার্কারের নেতৃত্বাধীন চিকিৎসক দল জানিয়েছেন, তাকে ভেন্টিলেশনে রাখা হয়েছে এবং তিনি চিকিৎসায় সাড়া দিচ্ছেন। তবে চিকিৎসকদের দেওয়া এই স্বাস্থ্য আপডেট নিয়ে সালমান খান ও তার পরিবার বেশ ক্ষুব্ধ। তাদের দাবি, রোগীর শারীরিক অবস্থা নিয়ে একান্তই ব্যক্তিগত বিষয়, যা শুধুমাত্র রোগী এবং তার পরিবারের জানার অধিকার আছে।
এরই মধ্যে হাসপাতাল কর্তৃপক্ষকে এই বিষয়টি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন খান পরিবারের সদস্যরা। তারা বলেছেন, যদিও সেলিম খানের সুস্থতার জন্য সবার ভালোবাসা ও শুভকামনা কাম্য, তবুও তার চিকিৎসার গোপনীয়তা রক্ষা করা অত্যন্ত জরুরি। ভক্তদের উদ্বেগ বাড়ায় এমন কোনো তথ্য প্রকাশে হাসপাতাল কর্তৃপক্ষকে বিরত থাকতে বলা হয়েছে। শারীরিক অবস্থার উন্নতি হলে তাকে আইসিইউতে স্থানান্তর করা হবে বলেও জানিয়েছেন চিকিৎসকরা।

