তিশা-সামিয়ার ‘চড়’ বিতর্কে সতর্ক বার্তা দিলো শিল্পী সংঘ
নাটকের শুটিং সেটে চড় মারার ঘটনা নিয়ে দুই অভিনেত্রীর মধ্যে সৃষ্ট বিতর্ক এবং সামাজিক যোগাযোগমাধ্যমে একে অপরের বিরুদ্ধে অভিযোগ তোলার ঘটনায় দায়িত্বহীন আচরণ হিসেবে দেখলো অভিনয়শিল্পী সংঘ বাংলাদেশ। এ ঘটনায় বুধবার (৪ মার্চ) এক বিবৃতিতে সংগঠনটি জানিয়েছে, সদস্যদের মধ্যে কোনো বিরোধ থাকলে তা সংগঠনকে না জানিয়ে সরাসরি গণমাধ্যম বা ফেসবুকে প্রচার করা তাদের আচরণবিধির স্পষ্ট লঙ্ঘন।
গত মঙ্গলবার (৩ মার্চ) মানিকগঞ্জে একটি নাটকের শুটিং চলাকালীন সময় এই ঘটনা ঘটে। ওই দিন রাতেই ফেসবুক লাইভে এসে সামিয়া অথৈ অভিযোগ করেন যে, দৃশ্যের প্রয়োজনে তিনি হালকা চড় মারলেও তানজিন তিশা উত্তেজিত হয়ে তাকে বারবার চড় মারেন। অন্যদিকে, তিশা তার বক্তব্যে দাবি করেছেন যে তিনি একজন বিশেষ শিশুর চরিত্রে অভিনয় করছিলেন এবং চরিত্রের ধরন অনুযায়ীই দৃশ্যটি সম্পন্ন করেছেন। আসন্ন ঈদুল ফিতরে রাফাত মজুমদার রিংকুর পরিচালনায় এই নাটকটি প্রচার হওয়ার কথা রয়েছে।
অভিনয়শিল্পী সংঘ বাংলাদেশ জানিয়েছে, ফেসবুকে একতরফা অভিযোগ তুলে জনমতের আদালত বা ট্রায়াল বসানো সংশ্লিষ্ট শিল্পীর পেশাগত মর্যাদার জন্য ক্ষতিকর। এমন পরিস্থিতিতে বিরোধ নিষ্পত্তির জন্য প্রাতিষ্ঠানিক প্রক্রিয়া মেনে চলার ওপর জোর দিয়েছে সংগঠনটি। একইসঙ্গে কেউ আচরণবিধি ভঙ্গ করলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেওয়া হয়েছে।

