পবিত্র ওমরাহ পালনে সৌদি গেলেন তানহা তাসনিয়া ও স্বামী অভি
ব্যস্ত শিডিউলের মাঝেও ধর্মীয় ভাবনা ত্যাগ করেননি দেশীয় চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা তানহা তাসনিয়া। সম্প্রতি স্বামী জাহিদ হাসান অভিকে সঙ্গে নিয়ে পবিত্র ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরব পৌঁছেছেন এই অভিনেত্রী। বিষয়টি নিশ্চিত করেছেন তার স্বামী ও চলচ্চিত্র প্রযোজক জাহিদ হাসান অভি নিজেই।
জাহিদ হাসান অভি তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে বিমানের অভ্যন্তরে তোলা একটি ছবি পোস্ট করে এই খুশির খবরটি ভক্তদের সাথে শেয়ার করেছেন। সেখানে তিনি লিখেছেন, আলহামদুলিল্লাহ, জীবনের এক বিশেষ সফর-আমি ও তানহা পবিত্র ওমরাহ করতে যাচ্ছি। সবার দোয়া কামনা করছি। এই পোস্টটি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত হওয়ার পর থেকেই ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের শুভেচ্ছা বার্তায় ভরে উঠেছে কমেন্ট বক্স।
অভিনয় জীবনের শুরুর দিকে ২০১৪ সালে ‘ভোলা তো যায় না তারে’ সিনেমার মাধ্যমে ঢাকাই চলচ্চিত্রে পা রাখেন তানহা তাসনিয়া। এরপর ‘ভালো থেকো’ এবং ‘ধূমকেতু’র মতো জনপ্রিয় সিনেমায় অভিনয় করে দর্শকদের মনে জায়গা করে নেন তিনি। বর্তমান সময়ে বড় পর্দায় তাকে নিয়মিত দেখা না গেলেও হাতে রয়েছে সরকারি অনুদানের দুটি সিনেমা। অভিনয়ের পাশাপাশি নাটকেও নিয়মিত কাজ করছেন এই অভিনেত্রী। আগামীতে আরও নতুন নাটক ও সিনেমা নিয়ে দর্শকদের সামনে হাজির হওয়ার পরিকল্পনা রয়েছে তার।

