যুক্তরাষ্ট্র সরকারের প্রফেশনাল ফেলোস প্রোগ্রামে অংশ নিচ্ছেন চট্টগ্রামের সাবের শাহ
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের (U.S. Department of State) পৃষ্ঠপোষকতায় পরিচালিত South and Central Asia Professional Fellows Program on Economic Empowerment-এ অংশ নিচ্ছেন চট্টগ্রামের উদ্যোক্তা ও AW Communication-এর প্রতিষ্ঠাতা সাবের শাহ। যুক্তরাষ্ট্রের ওকলাহোমা অঙ্গরাজ্যের ইউনিভার্সিটি অব ওকলাহোমার বাস্তবায়নে পরিচালিত এই ফেলোশিপ কর্মসূচির মূল প্রতিপাদ্য ‘অর্থনৈতিক ক্ষমতায়নে উদ্যোক্তা উন্নয়ন’ (Economic Empowerment through Entrepreneurship)।
আগামী ২০ অক্টোবর থেকে ২১ নভেম্বর ২০২৬ পর্যন্ত যুক্তরাষ্ট্রে অবস্থানকালে তিনি পেশাগত অভিজ্ঞতা বিনিময়, উদ্যোক্তা উন্নয়ন, অর্থনৈতিক ক্ষমতায়ন, উদ্ভাবনী উদ্যোগ এবং ব্যবসায়িক নেটওয়ার্ক সম্প্রসারণসংক্রান্ত বিভিন্ন কার্যক্রমে অংশ নেবেন। কর্মসূচির অংশ হিসেবে পেশাগত প্রতিষ্ঠানভিত্তিক অভিজ্ঞতা অর্জন, মতবিনিময় এবং যুক্তরাষ্ট্রের উদ্যোক্তা ও পেশাজীবীদের সঙ্গে যোগাযোগের সুযোগ থাকবে।
ডিজিটাল মার্কেটিং, ভিডিও প্রোডাকশন, ব্র্যান্ডিং ও ব্যবসায়িক যোগাযোগসেবা নিয়ে কাজ করা সাবের শাহ দীর্ঘদিন ধরে চট্টগ্রামে উদ্যোক্তা উন্নয়ন ও সৃজনশীল উদ্যোগের সঙ্গে যুক্ত রয়েছেন। এই আন্তর্জাতিক ফেলোশিপের মাধ্যমে অর্জিত অভিজ্ঞতা ও জ্ঞান বাংলাদেশের উদ্যোক্তা পরিবেশ, তরুণদের দক্ষতা উন্নয়ন এবং ব্যবসায়িক উদ্যোগের বিকাশে কাজে লাগাতে চান তিনি।
সাবের শাহ মনে করেন, আন্তর্জাতিক অভিজ্ঞতা বিনিময় ও পারস্পরিক সহযোগিতা স্থানীয় উদ্যোক্তাদের নতুন সম্ভাবনা উন্মোচনে সহায়তা করতে পারে। এই অংশগ্রহণ বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের পেশাগত ও উদ্যোক্তাবিষয়ক যোগাযোগ আরও জোরদার করার ক্ষেত্রেও ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদী।

