আত্মীয়ের সোনা আত্মসাতের মামলায় গ্রেপ্তার ১, উদ্ধার ১১ লাখ টাকার অলংকার

প্রাইম বার্তা অনলাইন
১৯ অক্টোবর ২০২৬ ৪:৫৯ পিএম
আত্মীয়ের সোনা আত্মসাতের মামলায় গ্রেপ্তার ১, উদ্ধার ১১ লাখ টাকার অলংকার

চট্টগ্রামে আত্মীয়ের সোনার গহনা আত্মসাতের ঘটনায় আত্মগোপনে থাকা অবস্থায় লাইলাতুল নুসরাত নিপা (৩৬) নামের এক নারীকে গ্রেপ্তার করেছে মহানগর পুলিশ। তার দেওয়া তথ্যের ভিত্তিতে উদ্ধার করা সম্ভব হয়েছে ১১ লাখ টাকার বেশি মূল্যের সোনার অলংকার। সোমবার (১৯ অক্টোবর) চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি) আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য প্রকাশ করা হয়।

পুলিশ জানায়, বাদীর অভিযোগের প্রেক্ষিতে ১৮ অক্টোবর নগরের চকবাজার থানায় প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে মামলা নথিভুক্ত হয়। মামলা হওয়ার একই দিন দুপুর দেড়টার দিকে নগরের খুলশী থানার বাগঘোনা এলাকায় অভিযান চালিয়ে নিপাকে আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি নিপা স্বীকার করেন, আত্মসাৎ করা গহনাগুলো তিনি কোতোয়ালি থানার দিদার মার্কেটের নিচতলায় অবস্থিত নোভা জুয়েলার্সের ম্যানেজার শুভ মজুমদারের (৩৬) কাছে বিক্রি করেছেন। এরপর তাকে সঙ্গে নিয়ে ওই দোকানে অভিযান পরিচালিত হয়। দোকানের ম্যানেজারের বক্তব্যে উঠে আসে, দীর্ঘদিন ধরে নিপা ও তার পরিবারের সঙ্গে তাদের সোনা কেনাবেচা ও পরিবর্তনের ব্যবসায়িক সম্পর্ক বিদ্যমান ছিল।

অভিযানে ম্যানেজারের উপস্থাপন এবং গ্রেপ্তার নারীর শনাক্তকরণের ভিত্তিতে আংটি, কানের দুল, হাতের বালা ও গলার চেইনসহ বিভিন্ন ধরনের সোনার গহনা জব্দ করা হয়। জব্দ অলংকারের সব মিলিয়ে ওজন ৫ ভরি ১ রতি ১ পয়েন্ট, যার আনুমানিক বাজারমূল্য ১১ লাখ টাকার বেশি।

মহানগর পুলিশ জানিয়েছে, আত্মসাৎ করা অবশিষ্ট সোনার গহনা উদ্ধার এবং ঘটনার সঙ্গে জড়িত অন্য সংশ্লিষ্টদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...