ইরানে বর্বরোচিত হামলার প্রতিবাদে যুক্তরাষ্ট্রজুড়ে বিক্ষোভ

প্রাইম বার্তা অনলাইন
০১ মার্চ ২০২৬ ১১:০০ পিএম
ইরানে বর্বরোচিত হামলার প্রতিবাদে যুক্তরাষ্ট্রজুড়ে বিক্ষোভ

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ সামরিক আগ্রাসনের প্রতিবাদে রাজপথে নেমেছেন মার্কিন নাগরিকরা। গত শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে শুরু হওয়া এই হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি, সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদ এবং অন্তত ৯০টি শিশুসহ শতাধিক মানুষ প্রাণ হারানোর ঘটনায় দেশটিতে তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়ে। খোদ যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরের রাস্তায় নেমে এসেছেন বিক্ষুব্ধ মানুষজন। ইরানের পতাকা এবং যুদ্ধবিরোধী নানা স্লোগান সম্বলিত ব্যানার ও ফেস্টুন হাতে তারা এই হামলার বিরোধিতা করছেন।

বিভিন্ন মানবাধিকার সংগঠন ও বামপন্থী দলগুলো এই আন্দোলনের নেতৃত্ব দিচ্ছে। ফিলিস্তিনি যুব আন্দোলন, ডেমোক্রেটিক সোশ্যালিস্টস অব আমেরিকা, কোড পিঙ্ক এবং দ্য পিপলস ফোরামসহ একাধিক সংগঠনের একটি জোট যুক্তরাষ্ট্রজুড়ে বিক্ষোভ কর্মসূচি পালন করছে। অপরদিকে, এই হামলার জের ধরে মধ্যপ্রাচ্যে নতুন করে সংঘাত তৈরি হয়েছে। ইরান মধ্যপ্রাচ্যজুড়ে মার্কিন সামরিক ঘাঁটি ও মিত্র দেশগুলোতে পাল্টা হামলা চালিয়েছে। দুবাই, দোহা, বাহরাইন ও কুয়েতের মতো অঞ্চলগুলোতে ইরানের পক্ষ থেকে হামলার খবর পাওয়া গেছে।

এই আগ্রাসনের প্রতিক্রিয়ায় বিশ্বের অন্যান্য দেশেও প্রতিবাদ দেখা দিয়েছে। বাংলাদেশ, পাকিস্তান, ভারত ও ইরাকসহ বেশ কয়েকটি দেশে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের বিরুদ্ধে বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। বিশেষ করে পাকিস্তান ও ইরাকে বিক্ষোভকারীদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, পাকিস্তানে এই সংঘর্ষে অন্তত নয়জন ব্যক্তি নিহত হয়েছেন।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...