যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলায় বাধ্য হয়েই পাল্টা আঘাত: ইরানি প্রেসিডেন্ট
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান দাবি করেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের আক্রমণাত্মক পদক্ষেপের কারণেই তাদের পালটা হামলা চালাতে বাধ্য হয়েছে তেহরান। তিনি বলেন, সংঘাত এড়াতে ইরান শুরুতেই কূটনীতির পথ বেছে নিয়েছিল, কিন্তু ২৮ ফেব্রুয়ারি শনিবার ওয়াশিংটন ও তেল আবিব যখন যৌথভাবে তাদের স্থাপনায় হামলা করে, তখন আত্মরক্ষার্থে জবাব দেয়া ছাড়া আর কোনো উপায় ছিল না।
হোয়াইট হাউসের পক্ষ থেকে অবশ্য এ হামলার ভিন্ন ব্যাখ্যা দেয়া হয়েছে। মার্কিন প্রেস সচিব ক্যারোলিন লেভিট জানান, ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে পরিচালিত ‘এপিক ফিউরি’ অভিযানটি আসলে একটি প্রতিরোধমূলক পদক্ষেপ ছিল। তিনি জানান, অভিযানের আগে ইরানকে নিষেধাজ্ঞা প্রত্যাহার ও পারমাণবিক জ্বালানি সহায়তার প্রস্তাব দেয়া হলেও তারা তা ফিরিয়ে দেয়। ইরানের সমৃদ্ধকরণ কার্যক্রম বন্ধ করার শর্তে এই প্রস্তাব দেয়া হয়েছিল বলে দাবি করেন তিনি। এছাড়া হামলার সময় নির্ধারণে ইসরায়েলি প্রধানমন্ত্রীর গোয়েন্দা তথ্য ব্যবহার করা হয়েছে বলেও জানান লেভিট।
এদিকে, চলমান সংকটের মধ্যে জার্মানি জানিয়েছে তারা ইরানের বিরুদ্ধে কোনো সামরিক পদক্ষেপে শরিক হবে না। পরমাণু ইস্যুতে দুই পক্ষের এই উত্তেজনার মধ্যেই মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো ইরানের সর্বোচ্চ নেতার অবস্থান ও উত্তরসূরি নিয়ে নজরদারি অব্যাহত রেখেছে।

