ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
মধ্যপ্রাচ্যে উত্তেজনার মধ্যেই ইরান তাদের শত্রুপক্ষকে বিভ্রান্ত করতে নতুন কৌশল হিসেবে সামরিক সরঞ্জামের প্রতিরূপ বা ভুয়া মডেল ব্যবহার শুরু করেছে বলে দাবি করেছেন একজন প্রখ্যাত সামরিক বিশ্লেষক। রুশ বার্তা সংস্থা স্পুটনিককে দেওয়া এক সাক্ষাৎকারে সামরিক বিশেষজ্ঞ ও আকাশ প্রতিরক্ষা ইতিহাসবিদ ইউরি নুটভ জানান, তেহরান সরকার সক্রিয়ভাবে ডিকয় বা ভুয়া লক্ষ্যবস্তু তৈরি করছে যাতে করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মতো প্রতিপক্ষরা ভুল সিদ্ধান্ত নিতে বাধ্য হয়।
বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক সময়ে ইসরায়েলি বাহিনীর কিছু হামলার লক্ষ্যবস্তু আসলে এই ভুয়া মডেল ছিল। দূর থেকে এগুলোকে আসল হেলিকপ্টার বা সামরিক সরঞ্জাম মনে হলেও বাস্তবে সেগুলো ছিল বিশেষভাবে তৈরি করা নকল কাঠামো বা চিত্র। এই কৌশলের ফলে শত্রুপক্ষের গোয়েন্দা তথ্য ভুল হওয়ার সম্ভাবনা থাকে এবং তারা প্রকৃত সামরিক সম্পদ শনাক্ত করতে ব্যর্থ হয়। সামাজিক যোগাযোগমাধ্যমেও এমন কিছু ভিডিও ফুটেজ ছড়িয়ে পড়েছে যেখানে মার্কিন সেন্ট্রাল কমান্ড বা সেন্টকমকে এই ধরনের নকল লক্ষ্যবস্তুতে আঘাত হানতে দেখা গেছে।
যুদ্ধক্ষেত্রে প্রতিপক্ষকে বিভ্রান্ত করার জন্য ডিকয় বা ভুয়া লক্ষ্যবস্তু ব্যবহার কোনো নতুন পদ্ধতি নয়। বিশ্বের অনেক দেশই তাদের গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা ও আসল অস্ত্র রক্ষা করতে এই পদ্ধতির সহায়তা নেয়। বিশেষজ্ঞদের মতে, এর মাধ্যমে শত্রুপক্ষের নজর অন্যদিকে ঘুরিয়ে দেওয়া সম্ভব হয় এবং নিজেদের প্রকৃত সামরিক সক্ষমতা গোপন রাখা যায়, যা যুদ্ধের বাস্তবতায় অত্যন্ত কার্যকর ভূমিকা রাখতে পারে।

