মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির

প্রাইম বার্তা অনলাইন
০৫ মার্চ ২০২৬ ৬:৪০ পিএম
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) জানিয়েছে, তারা ‘অপারেশন ট্রু প্রমিজ–৪’-এর ১৭তম ধাপ সফলভাবে সম্পন্ন করেছে। বুধবার (৪ মার্চ) বাহিনীটির পক্ষ থেকে দাবি করা হয়, মধ্যপ্রাচ্যজুড়ে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনায় এই হামলা চালানো হয়েছে। তাদের ভাষ্যমতে, এই অভিযানের মাধ্যমে ওই অঞ্চলে আমেরিকা ও ইসরায়েলি জোটের নজরদারি ব্যবস্থা অন্ধ করে দেওয়া হয়েছে।

আইআরজিসির বরাত দিয়ে জানা যায়, অভিযানে সাতটিরও বেশি আধুনিক রাডার সম্পূর্ণ ধ্বংস করা হয়েছে, যা তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার অপরিহার্য অংশ ছিল। তাদের দাবি, যুক্তরাষ্ট্রের শক্তিশালী ‘থাড’ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে ইসরায়েলের যুদ্ধ মন্ত্রণালয় ভবন এবং বেন গুরিয়ন বিমানবন্দরে আঘাত হানা হয়েছে। এছাড়া কুয়েত, বাহরাইন ও কাতারে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোও এই হামলার লক্ষ্যবস্তু ছিল। এই ঘটনার জেরে দখলকৃত অঞ্চলে প্রায় ১০০ ঘণ্টা ধরে সাইরেন বাজছে এবং ইসরায়েলি নাগরিকদের আশ্রয়কেন্দ্রে থাকতে বাধ্য করা হচ্ছে।

সামরিক লক্ষ্যবস্তুর বাইরে ভারত মহাসাগরে মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিংকন এবং একটি ডেস্ট্রয়ারেও হামলা চালানোর কথা দাবি করেছে তারা। একইসঙ্গে বাহরাইনে অবস্থিত অ্যামাজনের একটি ডাটা সেন্টারেও ‘গুরুত্বপূর্ণ হামলা’ চালানো হয়েছে বলে জানায় ইরানি বাহিনী। তাদের অভিযোগ, এই ডাটা সেন্টারটি শত্রুপক্ষের গোয়েন্দা তৎপরতায় সহায়তা করছিল। তবে আইআরজিসির এসব দাবির বিষয়ে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...