স্বামীর প্রযোজনায় নতুন রূপে সামান্থা, টিজার প্রকাশ শুক্রবার

প্রাইম বার্তা অনলাইন
০৯ জানুয়ারি ২০২৬ ৮:৫৪ এএম
স্বামীর প্রযোজনায় নতুন রূপে সামান্থা, টিজার প্রকাশ শুক্রবার

দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা সামান্থা রুথ প্রভু একটি বহুল প্রতীক্ষিত তেলেগু সিনেমার মাধ্যমে আবারও রুপালি পর্দায় ফিরছেন। ‘মা ইন্তি বাঙারাম’ শিরোনামের এই সিনেমাটি প্রযোজনা করছেন তার স্বামী ও নির্মাতা রাজ নিদিমোরুর প্রতিষ্ঠান ত্রালালা মুভিং পিকচার্স। এরই মধ্যে সোশ্যাল মিডিয়ায় ছবিটির পোস্টার প্রকাশ করে আগামী ৯ জানুয়ারি, শুক্রবার সকাল ১০টায় টিজার মুক্তির কথা জানিয়েছেন অভিনেত্রী।

প্রকাশিত পোস্টারে বাসের ভেতর শাড়ি পরিহিত অবস্থায় দাঁড়িয়ে থাকতে দেখা গেছে সামান্থাকে, যেখানে তার চোখে-মুখে সাহস ও দৃঢ়তা ফুটে উঠেছে। এই চলচ্চিত্রে একজন সাহসী নারীর ভূমিকায় অভিনয় করেছেন তিনি। চরিত্রটির জন্য বডি ডাবল ব্যবহার না করে নিজেই বেশিরভাগ অ্যাকশন দৃশ্যের শুটিং সম্পন্ন করেছেন। নন্দিনী রেড্ডি পরিচালিত এই ছবিতে তার সঙ্গে অভিনয় করেছেন গুলশান দেবাইয়া এবং দিগন্ত, আর সঙ্গীত পরিচালনার দায়িত্বে ছিলেন সন্তোষ নারায়ণন।

এর আগে নির্মাতা নন্দিনী রেড্ডির সঙ্গে সামান্থা ‘ওহ! বেবি’ সিনেমায় সফলভাবে কাজ করেছিলেন, যা দর্শকদের মধ্যে ব্যাপক জনপ্রিয় হয়েছিল। ব্যক্তিগত জীবনে গত বছরের ১ ডিসেম্বর কোয়েম্বাটুরের ইশা ফাউন্ডেশনে সামান্থা ও রাজ নিদিমোরু বিবাহবন্ধনে আবদ্ধ হন। সম্প্রতি বেশ কিছু অ্যাকশন থ্রিলার এবং ২০২৫ সালের একটি হরর কমেডি ছবিতে কাজ করার পর, এই নতুন সিনেমাটি তার ক্যারিয়ারে এক নতুন মাত্রা যোগ করবে বলে মনে করছেন চলচ্চিত্রপ্রেমীরা।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...