যুক্তরাষ্ট্র ছাড়ার পরিকল্পনায় অ্যাঞ্জেলিনা, বিক্রি ২৫ মিলিয়নের বাড়ি
অভিনয় ও মানবিক কর্মকাণ্ডের জন্য সুপরিচিত হলিউড অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি যুক্তরাষ্ট্র ছেড়ে বিদেশে স্থায়ীভাবে বসবাসের পরিকল্পনা করছেন। ৫০ বছর বয়সী এই তারকা ব্যক্তিগত জীবনের নতুন অধ্যায় সূচনা করতে লস অ্যাঞ্জেলেসের লস ফেলিজ এলাকায় অবস্থিত নিজের বাসভবন বিক্রির প্রস্তুতি নিচ্ছেন। প্রায় ২৫ মিলিয়ন ডলারের এই ঐতিহাসিক সম্পত্তি বিক্রি করে তিনি নিউইয়র্ক, ইউরোপ এবং কম্বোডিয়ায় সময় কাটাতে আগ্রহী।
সাবেক স্বামী ব্র্যাড পিটের সঙ্গে বিবাহবিচ্ছেদের আইনি প্রক্রিয়া শেষ হওয়ার পর এই সিদ্ধান্ত নিয়েছেন জোলি। ২০২৪ সালের ৩০ ডিসেম্বর তাদের বিবাহবিচ্ছেদ চূড়ান্ত হয়। ২০১৭ সাল থেকে ম্যাডক্স, প্যাক্স, জাহারা, শিলো এবং যমজ সন্তান নক্স ও ভিভিয়েনকে নিয়ে তিনি লস ফেলিজের সেসিল বি. ডেমিল এস্টেটে বসবাস করছিলেন। জোলি জানিয়েছিলেন, সন্তানদের কথা ভেবেই বিচ্ছেদের পরও লস অ্যাঞ্জেলেসে থাকতে হয়েছিল তাকে। তবে এখন শ্যাটো মিরাভাল ওয়াইনারি নিয়ে আইনি লড়াই বাদে ব্র্যাড পিটের সঙ্গে তার আর কোনো সম্পর্ক নেই।
জোলির ঘনিষ্ঠ বন্ধু জে বেঞ্জামিন বলেছেন, শোবিজ অঙ্গন থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হওয়া সম্ভব না হলেও দেশের বাইরে গিয়ে কিছুটা বিরতি নেওয়ার পরিকল্পনা করছেন তিনি। ভবিষ্যতে জোলি নিজের ব্যক্তিগত আগ্রহ ও মানবিক কাজের সঙ্গে সংশ্লিষ্ট প্রকল্পগুলোতে বেশি মনোযোগ দেবেন বলেও জানিয়েছেন তিনি। জাতিসংঘের শরণার্থী বিষয়ক সাবেক বিশেষ দূত হিসেবে মানবাধিকার ও নারী ক্ষমতায়নে তার অবদান বিশ্বব্যাপী প্রশংসিত।

