গোল্ডেন বুট লড়াইয়ে মেসির চ্যালেঞ্জ, পিছিয়ে নেই এমবাপ্পে-হল্যান্ড
বিশ্বকাপ ফুটবলের গ্রুপ পর্বের লড়াই এখনও শেষ হয়নি, প্রতিটি দলের একটি করে ম্যাচ বাকি থাকলেও গোল্ডেন বুট জয়ের দৌড়ে জমে গেছে প্রবল হিসাব। আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি এখন পর্যন্ত সবার উপরে থাকলেও তার ঘাড়ে নিঃশ্বাস ফেলছেন ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পে ও নরওয়ের আরলিং হল্যান্ড।
দুই ম্যাচ খেলে এখন পর্যন্ত সবচেয়ে বেশি গোলের মালিক মেসি। আলজেরিয়ার বিপক্ষে হ্যাটট্রিক ও অস্ট্রিয়ার বিপক্ষে জোড়া গোলের সুবাদে তার গোল সংখ্যা দাঁড়িয়েছে ৫-এ। বিশ্বকাপের সামগ্রিক হিসাবেও এগিয়ে আছেন তিনি, করেছেন রেকর্ড ১৮টি গোল। তবে এমবাপ্পেও খুব একটা পিছিয়ে নেই। তিনটি বিশ্বকাপ খেলা এই ফরাসি তারকা ১৬ গোল করে ইতিমধ্যেই স্পর্শ করেছেন কিংবদন্তি মিরোস্লাভ ক্লোজাকে। অন্যদিকে, সেনেগাল ও ইরাকের বিপক্ষে দুই ম্যাচে চারটি গোল করে লড়াইয়ে আছেন ম্যানচেস্টার সিটির তারকা আরলিং হল্যান্ড। এছাড়া ক্রোয়েশিয়ার বিপক্ষে জোড়া গোল করে নজর কেড়েছেন ইংলিশ অধিনায়ক হ্যারি কেনও।
আর্জেন্টিনা, ফ্রান্স ও নরওয়ে ইতিমধ্যেই রাউন্ড অফ ৩২-এ উঠে যাওয়ায় এই তিন তারকার গোলের খাতা আরও বড় হওয়ার সম্ভাবনা রয়েছে। নিজের শেষ বিশ্বকাপ হওয়ায় মেসির কাছে ট্রফিটি অত্যন্ত আবেগের। পাশাপাশি টানা তৃতীয়বার দলকে ফাইনালে নেয়ার স্বপ্ন দেখছেন এমবাপ্পে। জাতীয় দলের হয়ে মাত্র ৫২ ম্যাচে ৫৯ গোল করা হল্যান্ডও মরিয়া হয়ে আছেন শীর্ষ স্থান দখলের লড়ায়ে।

