এমবাপ্পের মধ্যে নিজেকে দেখছেন রোনালদো, অবাক ব্রাজিলিয়ান কিংবদন্তি
চলমান বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্সের ধারাবাহিকতা ধরে রেখেছে ফ্রান্স। এই সাফল্যের মূলে রয়েছেন কিলিয়ান এমবাপ্পের বিধ্বংসী ফর্ম। রিয়াল মাদ্রিদের এই ফরাসি তারকার খেলা দেখে মুগ্ধ হয়েছেন ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদো নাজারিও। তিনি জানিয়েছেন, এমবাপ্পের খেলার ধরন তাকে নিজের সেরা সময়ের কথা মনে করিয়ে দেয়।
এবারের আসরে প্রথম তিনটি ম্যাচ খেলেই চারটি গোল এবং দুটি অ্যাসিস্ট করেছেন এমবাপ্পে। সেনেগাল ও ইরাকের বিপক্ষে জোড়া গোল করার পর নরওয়ের বিপক্ষে দুই অ্যাসিস্ট করেন তিনি। এমবাপ্পের এমন নৈপুণ্যে উচ্ছ্বসিত দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন রোনালদো বলেন, এমবাপ্পে ও মেসির মতো খেলোয়াড়রা পরিসংখ্যানের ঊর্ধ্বে। তিনি আরও বলেন, বর্তমান সময়ের অন্যতম সেরা ফুটবলার এমবাপ্পে এবং তিনি ফুটবল কিংবদন্তিদের যোগ্য উত্তরসূরি।
শুধু এমবাপ্পে নয়, এই বিশ্বকাপে রিয়াল মাদ্রিদের অন্য তারকারাও আলো ছড়াচ্ছেন। ভিনিসিয়ুস জুনিয়রও করেছেন চারটি গোল। এছাড়া জুড বেলিংহাম দুটি এবং আরদা গুলার একটি গোল করেছেন। এই মুহূর্তে রিয়ালের ফুটবলাররা টুর্নামেন্টে মিলে ১১টি গোল করেছেন। ১৯৯৮ সালের বিশ্বকাপে তাদের রেকর্ড ছিল ১২ গোল। খুব দ্রুতই সেই রেকর্ড ভাঙার পথে এগিয়ে যাচ্ছে লস ব্লাঙ্কোরা।

