ভেনেজুয়েলায় ভূমিকম্পে ধসে পড়া ভবনে প্রাণ গেল ফুটবলার ত্রেহোর স্ত্রী ও সন্তানদের

প্রাইম বার্তা অনলাইন
২৯ জুন ২০২৬ ৪:০৬ পিএম
ভেনেজুয়েলায় ভূমিকম্পে ধসে পড়া ভবনে প্রাণ গেল ফুটবলার ত্রেহোর স্ত্রী ও সন্তানদের

ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পের ধ্বংসস্তূপ থেকে আর্জেন্টাইন ফুটবলার লুকাস ত্রেহোর স্ত্রী ও দুই সন্তানের মরদেহ উদ্ধার করা হয়েছে। গত বুধবার দেশটির উত্তর উপকূলীয় এলাকায় ৭.২ ও ৭.৫ মাত্রার দুই দফা ভূকম্পনের পর দীর্ঘ ৭৪ ঘণ্টা অপেক্ষার পর শেষ পর্যন্ত এই হৃদয়বিদারক খবরটি নিশ্চিত হলো।

লা গুয়াইরার ক্লাব স্পোর্ট মারিতিমোর হয়ে খেলা ৩৮ বছর বয়সী এই ডিফেন্ডারের প্লায়া গ্রান্দের বাড়িটি ভূমিকম্পের কবলে পড়ে। দুর্ঘটনার সময় তিনি কারাকাসে দলের সাথে অবস্থান করছিলেন। খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে ছুটে আসেন ত্রেহো। পরে তার বাবা ও ভাই আর্জেন্টিনা থেকে এসে দমকল বাহিনী ও সেনাবাহিনীর সঙ্গে যোগ দিয়ে ধ্বংসস্তূপে তল্লাশি অভিযান চালান।

তল্লাশি শেষে স্ত্রী ইয়ানিনা মারানেইয়া এবং দুই সন্তান আরন ও আইনোয়ার লাশ পাওয়া যায়। এর আগে ইনস্টাগ্রামে পরিবারের সন্ধান চেয়ে আবেগঘন বার্তা দিয়েছিলেন এই তারকা। ঘনিষ্ঠ বন্ধু ও সতীর্থ এডসন তোর্তোলেরো সামাজিক যোগাযোগমাধ্যমে লেখেন, এই ক্ষতি সহ্য করার মতো শক্তি ঈশ্বর যেন ত্রেহোকে দেন। রোববার ক্লাব কর্তৃপক্ষও এক বিবৃতিতে নিহতদের আত্মার শান্তি কামনা করেছে।

এই ঘটনায় গোটা দক্ষিণ আমেরিকার ফুটবলাঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। ভূমিকম্পে ভেনেজুয়েলার উপকূলীয় অঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং এখনও উদ্ধার কাজ চলমান রয়েছে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...