চাপ সত্ত্বেও থালাপতির রাজনৈতিক হুঙ্কার, দুই শিবিরে তোপ
তামিল সিনেমার জনপ্রিয় নায়ক থালাপতি বিজয় এখন শুধু রুপালি পর্দায় নয়, রাজনীতির ময়দানেও সমান তালে খেলছেন। রোববার মামল্লাপুরমে এক কৌশলগত বৈঠকে তিনি কেন্দ্রীয় সরকার এবং রাজ্যের প্রধান দুই দলের বিরুদ্ধে সরব হয়েছেন। সিবিআই এবং সেন্সর বোর্ডের নানা বাধা উপেক্ষা করে তিনি তার রাজনৈতিক অবস্থান আরও জোরালো করেছেন।
এই সমাবেশে বিজয় স্পষ্ট জানিয়েছেন, তার এই লড়াই কোনো সাধারণ নির্বাচনী লড়াই নয়, এটি গণতন্ত্র রক্ষার যুদ্ধ। তিনি তার সমর্থকদের ‘কমান্ডো’ হিসেবে অভিহিত করে বলেছেন, যারা এই যুদ্ধে অংশ নেবেন তারাই তার দল ‘তামিলাগা ভেত্রি কাজাগাম’-এর প্রকৃত যোদ্ধা। ডিএমকেকে ‘অশুভ শক্তি’ এবং এআইএডিএমকেকে ‘দুর্নীতিগ্রস্ত শক্তি’ বলে কটাক্ষ করেছেন তিনি। এছাড়া বর্তমান রাজনীতিবিদরা দ্রাবিড় আদর্শের প্রবক্তা সি এন অন্নাদুরাইয়ের শিক্ষা ভুলে গেছেন বলেও মন্তব্য করেন এই অভিনেতা-নেতা।
বর্তমানে বিজয় একাধিক আইনি জটিলতার মধ্য দিয়ে যাচ্ছেন। গত বছর কারুরে তার সভায় পদদলিত হয়ে ৪১ জনের মৃত্যুর ঘটনায় দিল্লিতে দুবার তাকে জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই। অন্যদিকে, তার আসন্ন সিনেমা ‘জানা নায়াগান’ মুক্তি পেতে বাধার মুখে পড়েছে সেন্সর বোর্ডের কারণে। তবে এসব বাধা সত্ত্বেও তিনি আদালতের শরণাপন্ন হয়েছেন এবং রাজনৈতিকভাবে সোচ্চার থাকার সিদ্ধান্ত থেকে সরে আসেননি। অনেকের ধারণা, তার রাজনৈতিক উত্থান ঠেকাতেই ইচ্ছাকৃতভাবে এই আইনি প্রতিবন্ধকতা সৃষ্টি করা হচ্ছে।

