মরণোত্তর সম্মানের প্রস্তাব প্রত্যাখ্যান করলেন জাভেদের স্ত্রী

প্রাইম বার্তা অনলাইন
২৩ জানুয়ারি ২০২৬ ১:২০ পিএম
মরণোত্তর সম্মানের প্রস্তাব প্রত্যাখ্যান করলেন জাভেদের স্ত্রী

ঢাকাই চলচ্চিত্রের সোনালি যুগের এক উজ্জ্বল নক্ষত্র নিভে গেল। দীর্ঘদিন ক্যানসারের সাথে যুদ্ধ করে গত ২১ জানুয়ারি পৃথিবী ছেড়ে চলে গেছেন কিংবদন্তি অভিনেতা ইলিয়াস জাভেদ। শোকের এই সময়ে তার স্ত্রী ডলি চৌধুরী এক বিস্ময়কর সিদ্ধান্তের কথা জানিয়েছেন। তিনি স্পষ্টভাবে জানিয়েছেন, স্বামীর মৃত্যুর পর রাষ্ট্রীয় বা অন্য কোনো পক্ষ থেকে কোনো ধরনের মরণোত্তর সম্মাননা তিনি গ্রহণ করবেন না।

স্বামীর প্রতি গভীর শ্রদ্ধা ও আক্ষেপ নিয়ে ডলি চৌধুরী বলেন, জীবিত থাকাকালীন যখন তার কর্মস্থল থেকে কোনো সম্মান মেলেনি, তখন তিনি চলে যাওয়ার পর এসব পুরস্কার দিয়ে কী লাভ? তিনি উল্লেখ করেন, প্রায় ৫৫ বছর ধরে জাভেদ ইন্ডাস্ট্রির জন্য সর্বস্ব নিংড়ে দিয়েছেন। তাই জীবদ্দশায় না পাওয়া সম্মান এখন এসে কোনো কাজে আসে না, তাই তিনি এসব প্রত্যাখ্যান করছেন। প্রসঙ্গত, রাজা মোহাম্মদ ইলিয়াস নামে জন্ম নেওয়া এই শিল্পী নৃত্য পরিচালক হিসেবে ক্যারিয়ার শুরু করলেও পরবর্তীতে নায়ক হিসেবে অসাধারণ খ্যাতি অর্জন করেছিলেন।

শতাধিক চলচ্চিত্রে অভিনয় করে দর্শকদের হৃদয়ে জায়গা করে নিয়েছিলেন এই প্রবীণ অভিনেতা। ‘মালেকা বানু’, ‘নিশান’, ‘পাপী শত্রু’ এবং ‘রক্ত শপথ’-এর মতো সুপারহিট সিনেমাগুলো আজও দর্শকদের স্মৃতিতে জীবন্ত। কিন্তু এত বড় অবদানের পরেও রাষ্ট্রীয় কোনো বড় স্বীকৃতি তার ভাগ্যে জোটেনি। জাভেদের স্ত্রী বলেন, এখন তিনি নেই, তাই সবার কাছে তিনি শুধু তার স্বামীর আত্মার মাগফিরাত কামনা করেন, কোনো পদক বা সম্মাননা চান না।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...