ইরানে হামলার জেরে চীনের তীব্র প্রতিক্রিয়া, যুদ্ধবিরতির আহ্বান

মধ্যপ্রাচ্যে উত্তেজনার পারদ আরও চড়াতে দেখা গেল। ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক অভিযানের তীব্র নিন্দা জানিয়েছে চীন। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এই হামলাকে সার্বভৌম রাষ্ট্রের বিরুদ্ধে আগ্রাসন আখ্যা দিয়ে অবিলম্বে সংঘাত বন্ধ করার আহ্বান জানিয়েছে। বেইজিং জানিয়েছে, ইরানের স্বাধীনতা ও ভৌগোলিক অখণ্ডতার প্রতি সম্মান দেখানো সবার দায়িত্ব।
নাগরিকদের নিরাপত্তার কথা বিবেচনা করে ইরান ও ইসরায়েলে অবস্থানরত চীনা নাগরিকদের দ্রুত দেশ ত্যাগ করতে নির্দেশ দেওয়া হয়েছে। ইসরায়েলে থাকা নাগরিকদের মিসরের তাবা সীমান্ত দিয়ে বের হতে বলা হয়েছে। অপরদিকে ইরানে অবস্থানরতদের জন্য আজারবাইজান, আর্মেনিয়া, তুরস্ক ও ইরাক—এই চারটি স্থলপথ ব্যবহারের পরামর্শ দিয়েছে চীনা দূতাবাস। চলমান ক্ষেপণাস্ত্র হামলা ও বিমান হামলার কারণে এই সতর্কতা অবলম্বন করা হয়েছে বলে জানা গেছে।
চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা শিনহুয়া এই হামলাকে ক্ষমতার রাজনীতি বলে অভিহিত করেছে এবং জাতিসংঘের সনদ লঙ্ঘনের অভিযোগ এনেছে। এদিকে পরিস্থিতির অবনতির কারণে হংকংভিত্তিক ক্যাথে গ্রুপ মধ্যপ্রাচ্যের বেশ কিছু রুটে ফ্লাইট স্থগিত করেছে। দুবাই ও রিয়াদগামী ফ্লাইট বন্ধ রাখার পাশাপাশি নিরাপদ আকাশপথ ব্যবহার করে বিকল্প পথে বিমান পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।

