প্রধানমন্ত্রী তারেক রহমানের চট্টগ্রাম সফর কাল, নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি
দেশ পরিচালনার দায়িত্ব নেয়ার পর এই প্রথমবার চট্টগ্রাম সফরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামীকাল রোববার (৯ আগস্ট) কক্সবাজার ও চট্টগ্রামের বিভিন্ন স্থানে একদিনের সফরে যাবেন তিনি। উন্নয়ন কাজ পরিদর্শন ও সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর পাশাপাশি দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করবেন তিনি। এই সফর উপলক্ষ্যে স্থানীয় প্রশাসন ও দলীয় নেতাকর্মীরা ইতিমধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে।
সফরসূচি অনুযায়ী, সকাল ৯টায় কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ি গভীর সমুদ্রবন্দর ও কয়লা বিদ্যুৎ প্রকল্প পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী। পরে হেলিকপ্টারযোগে বাঁশখালী উপজেলার বাহারছড়া সমুদ্র সৈকত এলাকায় যাবেন। সেখানে একটি অনুষ্ঠানের মাধ্যমে ১০০টি গৃহহারা পরিবারকে নতুন ঘরের চাবি এবং বন্যাক্রতদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করবেন তিনি।
দুপুরে ফটিকছড়ির বাবুনগর মাদরাসায় হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন তারেক রহমান। এরপর হাটহাজারীতে আল্লামা শাহ আহমদ শফির কবর জেয়ারত শেষে সরকারি কলেজ মাঠে বন্যাদুর্গতদের পুনর্বাসন অনুষ্ঠানে অংশ নেবেন। সেখানে তিনি ৩০টি পরিবারকে এক লাখ টাকা এবং ১৫ জন প্রতিবন্ধীকে ১০ হাজার টাকা করে অনুদানের চেক হস্তান্তর করবেন।
সন্ধ্যায় চট্টগ্রাম নগরীতে দলের তিনটি ইউনিটের পূর্ণাঙ্গ কমিটির সব সদস্যের সঙ্গে এক সাংগঠনিক সভায় মিলিত হবেন প্রধানমন্ত্রী। এই সভায় তৃণমূল নেতাদের সঙ্গে সরাসরি কথা বলে দিকনির্দেশনা দেবেন তিনি। প্রথমবারের মতো এমন সাংগঠনিক সভা আয়োজনের কারণে তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ বিরাজ করছে।

