দুধে পানি মেশানোর অপরাধে উল্লাপাড়ায় দুই প্রতিষ্ঠানকে ৩০ হাজার জরিমানা
দুধের সঙ্গে পানি মেশানো এবং বিএসটিআই অনুমোদন ছাড়া দগ্ধজাত পণ্য উৎপাদনের অভিযোগে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় দুটি প্রতিষ্ঠানকে সামষ্টিকভাবে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার কয়ড়া ও লাহিড়ী মোহনপুর এলাকার দুধ ও দুগ্ধজাত পণ্যের কারখানায় অভিযান চালিয়ে এই ব্যবস্থা নেওয়া হয়।
জেলা ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক সোহেল শেখ এই অভিযানের নেতৃত্ব দেন। তিনি জানান, ভাগ্যলক্ষ্মী মিষ্টান্ন ভান্ডারে বিএসটিআইয়ের ছাড়পত্র ছাড়াই দই ও মিষ্টি তৈরি করা হচ্ছিল, পাশাপাশি সেখানে দুধে পানি মেশানোর প্রমাণও পাওয়া যায়। এই অপরাধের দায়ে প্রতিষ্ঠানটির ম্যানেজার অন্ত রায়কে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে ভেজাল দুধ সরবরাহের দায়ে জাহাঙ্গীর হোসেন নামের এক সরবরাহকারীকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অভিযান চলাকালীন জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা গৌতম কুমার সাহা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য এবং দুগ্ধপণ্য ব্যবসায়ীদের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
ভোক্তা অধিদপ্তর জানিয়েছে, খাদ্যপণ্যে ভেজাল রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। ভেজাল পণ্য উৎপাদন ও বিক্রির দায়ে ধরা পড়লে আইন অনুযায়ী কঠোর শাস্তি নিশ্চিত করা হবে বলে সংশ্লিষ্টদের প্রতি সতর্ক করা হয়েছে।

