গ্যাস-চিনিতে ধোঁকা: ফেনীতে দুই ব্যবসায়ী প্রতিষ্ঠানের ৫৫ হাজার টাকা জরিমানা

প্রাইম বার্তা অনলাইন
২৮ সেপ্টেম্বর ২০২৬ ৪:০৯ পিএম
গ্যাস-চিনিতে ধোঁকা: ফেনীতে দুই ব্যবসায়ী প্রতিষ্ঠানের ৫৫ হাজার টাকা জরিমানা

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ফেনীতে অতিরিক্ত মূল্যে এলপিজি গ্যাস ও ভেজাল লাল চিনি বিক্রির অভিযোগে দুটি প্রতিষ্ঠানকে একত্রে ৫৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার (২৮ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টা নাগাদ জেলা শহরের বিসিক ও সালাহউদ্দিন মোড় এলাকায় এই বিশেষ তদারকি পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ফেনী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আছাদুল ইসলাম।

বিসিক এলাকায় অবস্থিত বিএম গ্যাসের ডিলার মেসার্স মক্কা ট্রেডিং করপোরেশনের বিরুদ্ধে তদারকিতে বেশ কিছু অনিয়মের প্রমাণ পাওয়া যায়। প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী প্রতিটি গ্যাস সিলিন্ডার ১ হাজার ৫৬০ টাকায় কেনার দাবি করলেও এর পক্ষে কোনো বৈধ ক্রয় ভাউচার উপস্থাপন করতে পারেননি। এ ছাড়া সরকার নির্ধারিত দরের চেয়ে বেশি মূল্যে বিক্রির পরও খুচরা বিক্রেতাদের কাছে কোনো বিক্রয় ভাউচার দেওয়া হচ্ছিল না। ভাউচারের অভাবে খুচরা পর্যায়েও ক্রেতাদের কাছে স্বেচ্ছাচারী দামে গ্যাস বিক্রি হচ্ছিল বলে জানা গেছে। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯-এর ৪০ ধারায় এসব অনিয়মের দায়ে প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে নির্ধারিত মূল্যে গ্যাস বিক্রি এবং ক্রয়-বিক্রয়ের ভাউচার যথাযথভাবে সংরক্ষণের নির্দেশনা দেওয়া হয়।

একই অভিযানে শহরের সালাহউদ্দিন মোড়ে অবস্থিত ‘মেসার্স সায়েম খাদ্য বিতান’ নামের আরেকটি প্রতিষ্ঠানে নকল লাল চিনির সন্ধান মেলে। ভেজাল পণ্য বিক্রির এই দায়ে প্রতিষ্ঠানটিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান শেষে সহকারী পরিচালক মো. আছাদুল ইসলাম জানান, ক্রেতাদের অধিকার সুরক্ষা নিশ্চিত করা এবং বাজারে স্বাভাবিক শৃঙ্খলা ফিরিয়ে আনতে এমন তদারকি ও ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম অব্যাহত থাকবে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...