বাঁশখালীর বন্যাদুর্গতদের জন্য ১০০ ঘর, রোববার হস্তান্তর
চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় সাম্প্রতিক বন্যায় ঘর হারানো ১০০টি পরিবারকে নতুন আবাসন দিতে প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আগামী রোববার (৯ আগস্ট) এসব ঘর উপকারভোগীদের হাতে তুলে দেওয়া হবে। বাহারছড়া সমুদ্র সৈকত সংলগ্ন এলাকায় এই ঘরগুলো নির্মাণ করা হয়েছে এবং শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে।
শুক্রবার (৭ আগস্ট) বাঁশখালী পরিদর্শনে আসেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। তিনি ঘর নির্মাণের কাজ, অনুষ্ঠানস্থল, হেলিপ্যাড এবং নিরাপত্তা ব্যবস্থা ঘুরে দেখেন। পরিদর্শনকালে তিনি জানান, বন্যায় বাঁশখালী চট্টগ্রামের মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল, বিশেষ করে জেলে ও মাটির ঘরে বসবাসকারী পরিবারগুলো।
প্রতিটি নতুন ঘরের আয়তন ১৮ ফুট দৈর্ঘ্য ও ১২ ফুট প্রস্থ। দুটি কক্ষের সঙ্গে রয়েছে ৫ ফুট বাইপাঁচ ফুটের একটি সংযুক্ত শৌচাগার। প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় ঘরগুলো আরসিসি পিলার, কাঠ ও টিন দিয়ে তৈরি করা হয়েছে। নির্মাণের গুণগত মান নিশ্চিত করতে একটি বিশেষ তদারকি দল গঠন করা হয়েছে, যারা উপজেলা প্রশাসন ও জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তার সঙ্গে যৌথভাবে কাজ করছে।
জেলা প্রশাসক জানান, মন্ত্রণালয় থেকে বরাদ্দ পাওয়ার পর দ্রুত নির্মাণকাজ শুরু হয়। তিনি জোর দিয়ে বলেন, কেবল ঘর তৈরি করলেই হবে না, উপকারভোগীরা যেন দীর্ঘদিন নিরাপদে এখানে বসবাস করতে পারেন সে বিষয়টিও নিশ্চিত করা হচ্ছে।

