বাঁশখালীতে বন্যাদুর্গতদের পুনর্বাসনে নির্মিত ১০০ ঘর হস্তান্তর রোববার
চট্টগ্রামের বাঁশখালীতে সাম্প্রতিক বন্যায় ঘরহারা একশ’ পরিবারকে পুনর্বাসনের জন্য নির্মিত নতুন ঘর আগামী রোববার (৯ আগস্ট) আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বাহারছড়া সমুদ্রসৈকত সংলগ্ন এলাকায় এসব ঘর নির্মাণ করা হয়েছে এবং উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষে সেখানে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি।
শুক্রবার (৭ আগস্ট) চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা ঘরের নির্মাণ কাজ, হেলিপ্যাড এবং সার্বিক নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শনে আসেন। এ সময় তিনি বলেন, বন্যার প্রভাবে জেলার মধ্যে বাঁশখালী সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। বিশেষ করে জেলে সম্প্রদায় ও মাটির ঘরে থাকা মানুষজন সবকিছু হারিয়েছেন। তাই তাদের পুনর্বাসনের জন্য প্রধানমন্ত্রীর নির্দেশনায় ১০০টি ঘর দ্রুত নির্মাণ করা হয়।
প্রতিটি ঘরের আয়তন ১৮ ফুট বাই ১২ ফুট, যার মধ্যে দুটি কক্ষ এবং ৫ ফুট বাই ৫ ফুট মাপের সংযুক্ত শৌচাগার রয়েছে। দুর্যোগ মোকাবিলায় এগুলো আরসিসি পিলার, কাঠ ও টিন দিয়ে তৈরি। জেলা প্রশাসক জানান, নির্মাণের মান নিশ্চিত করতে তদারকি দল গঠন করা হয়েছে। এছাড়াও উপকারভোগীরা যেন দীর্ঘদিন নিরাপদে এখানে বসবাস করতে পারেন, সেটিও নিশ্চিত করছে প্রশাসন।

