শেকৃবি ক্যাম্পাসে সাইবার প্রতারণা, শিক্ষার্থীদের লাখ টাকা লুট

প্রাইম বার্তা অনলাইন
০৮ আগস্ট ২০২৬ ১১:৫৮ এএম
শেকৃবি ক্যাম্পাসে সাইবার প্রতারণা, শিক্ষার্থীদের লাখ টাকা লুট

রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) শিক্ষক ও শিক্ষার্থীদের নতুন করে টার্গেট করেছে একটি সাইবার প্রতারক চক্র। পুলিশ সদর দপ্তরের সাইবার নিরাপত্তা বিভাগের কর্মকর্তা পরিচয়ে ফোন করে জাল টাকার মামলায় জড়ানোর ভয় দেখিয়ে তাদের কাছ থেকে কয়েক লাখ টাকা হাতিয়ে নেওয়া হয়েছে। ইতিমধ্যে এক ডজনের বেশি শিক্ষার্থী ও একজন শিক্ষক এই প্রতারণার শিকার হয়েছেন।

ভুক্তভোগীদের অভিযোগ, প্রতারকরা তাদের সাম্প্রতিক আর্থিক লেনদেনের সঠিক তথ্য জেনে বিশ্বাস অর্জন করে। এরপর বিশ্ববিদ্যালয় সংলগ্ন মিনিবাজারের বিসমিল্লাহ স্টেশনারি নামক বিকাশ এজেন্টের দোকানে জাল টাকার লেনদেনের অভিযোগে জিডি হয়েছে দাবি করে তাদের গ্রেফতারের ভয় দেখায়। এক পর্যায়ে ওয়ান-টাইম পাসওয়ার্ড (ওটিপি) ও ক্যাশ-ইন করার ফাঁদে ফেলে অ্যাকাউন্ট থেকে টাকা সরিয়ে নেয় তারা। লেভেল-১ এর শিক্ষার্থী মাহবুব আহমেদ ফাহিম জানান, গত বৃহস্পতিবার (৬ আগস্ট) ওই দোকান থেকে লেনদেনের পর তার কাছ থেকে ৭ হাজার টাকা এবং পরে তার মায়ের কাছ থেকে আরও ৫৩ হাজার টাকা নেওয়া হয়। একই কায়দায় সহপাঠী মোছা. মোবাশ্বিরা মুস্তারিনের কাছ থেকে ২০ হাজার ৩০০ টাকা লুটে নেয় প্রতারকরা।

একই এজেন্ট পয়েন্ট ব্যবহার করা অন্যান্য শিক্ষার্থীরাও এই প্রতারণার শিকার হয়েছেন বলে জানা গেছে। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক শিক্ষার্থী জানান, প্রতারকরা অত্যন্ত দক্ষতার সাথে পুলিশের ভাষা ও আইনি জটিলতার ভয় দেখিয়ে তাদের মানসিকভাবে দুর্বল করে তোলে। এ ঘটনায় ক্যাম্পাসে আতঙ্ক বিরাজ করছে এবং আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগীরা।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...