দিল্লিতে ফের বাংলাদেশ হাই কমিশনের সামনে বিক্ষোভ

প্রাইম বার্তা অনলাইন
২৩ ডিসেম্বর ২০২৫ ৯:৩৬ পিএম
দিল্লিতে ফের বাংলাদেশ হাই কমিশনের সামনে বিক্ষোভ

ভারত–বাংলাদেশের কূটনৈতিক সম্পর্কের টানাপোড়েনের মধ্যে নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের বাইরে আবারও উত্তেজনা সৃষ্টি হয়েছে। ময়মনসিংহে পোশাক শ্রমিক দিপু চন্দ্র দাস হত্যার প্রতিবাদে মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিক্ষোভের ডাক দেয় হিন্দুত্ববাদী সংগঠনগুলো।

ভারতীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়, গেরুয়া পতাকা হাতে নিয়ে বিক্ষোভকারীরা স্লোগান দিতে দিতে একাধিক পুলিশ ব্যারিকেড ভেঙে সামনে এগিয়ে যায়। এতে উচ্চ নিরাপত্তাবেষ্টিত কূটনৈতিক এলাকায় ভিড় নিয়ন্ত্রণে নিরাপত্তা বাহিনীকে বেগ পেতে হয়।

প্রতিবাদ কর্মসূচিকে কেন্দ্র করে সকাল থেকেই দিল্লিতে উত্তেজনা বিরাজ করছিল। এ কারণে বাংলাদেশ হাইকমিশন–এর নিরাপত্তা জোরদার করা হয়। হাইকমিশন চত্বর ঘিরে ত্রিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয় এবং অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। তবে বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে হাইকমিশনের বাইরে বিক্ষোভকারীরা জড়ো হলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে এবং একপর্যায়ে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার রাতে ময়মনসিংহের ভালুকা উপজেলার জামিরদিয়া এলাকায় একটি পোশাক কারখানায় ধর্ম অবমাননার অভিযোগে দিপু চন্দ্র দাসকে গণপিটুনি দিয়ে হত্যা করা হয়। পরে তার মরদেহ ঢাকা–ময়মনসিংহ মহাসড়কের পাশে গাছে ঝুলিয়ে আগুন দেওয়া হয়।

এ ঘটনায় অভিযান চালিয়ে র‍্যাব ও পুলিশ মোট ১০ জনকে গ্রেপ্তার করেছে। পরিস্থিতির প্রেক্ষিতে নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশন থেকে সব ধরনের কনস্যুলার সেবা ও ভিসা প্রদান সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত এসব সেবা বন্ধ থাকবে বলে জানানো হয়।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...