সমঝোতাকারীদের পরিণতি হবে আওয়ামী লীগের মতো: নাহিদ ইসলাম
যারা আওয়ামী লীগকে রাজনীতিতে পুনর্বাসিত করার স্বপ্ন দেখছে তাদের উদ্দেশ্যে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও সংসদ সদস্য নাহিদ ইসলাম। তিনি বলেছেন, আগস্ট বিপ্লবের মাধ্যমে আওয়ামী লীগের রাজনীতি করার সুযোগ সমাপ্ত হয়ে গেছে এবং যারা এখন সমঝোতার চেষ্টা করছে তাদের শেষ পরিণতিও ওই দলের মতোই হবে। মঙ্গলবার রাজধানীর বিজয়নগরে ১১ দলের উদ্যোগে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন।
সমাবেশে নাহিদ ইসলাম আওয়ামী লীগ আমলে সংঘটিত জুলাই গণহত্যা, শাপলা ও পিলখানা ট্রাজেডি এবং শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের বিচার দাবি করেন। তিনি স্পষ্ট করে জানান, অবিলম্বে এই অপরাধগুলোর বিচার নিশ্চিত না করলে বর্তমান সরকার পাঁচ বছর মেয়াদে টিকতে পারবে না। এছাড়া আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) প্রসিকিউটরকে ব্যর্থ আখ্যা দিয়ে তার পদত্যাগের দাবি জানান তিনি।
সরকারের তিন মন্ত্রীর সমালোচনা করে এনসিপি নেতা বলেন, বিচার না করায় আইনমন্ত্রী এবং নিরাপত্তা দিতে না পারায় স্বরাষ্ট্রমন্ত্রী ব্যর্থ হয়েছেন। একইসাথে আওয়ামী লীগের সুশীল সমাজকে মিডিয়ায় স্থান দেওয়ায় তথ্যমন্ত্রীকেও ব্যর্থতার দায়ে অভিযুক্ত করেন তিনি। সমাবেশে আরও উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। তিনি বলেন, অতীতের সব গুম-খুন ও গণহত্যার বিচার নিশ্চিত করতে হবে, নয়তো পদত্যাগ করে বিদায় নেওয়ার পথ খুঁজে বের করতে হবে।

