ফ্যাসিবাদ প্রতিরোধে জীবন দেওয়ার শপথ মামুনুল হকের
রক্তক্ষয়ী আন্দোলনের মাধ্যমে অর্জিত জুলাই বিপ্লবের স্বপ্ন বাস্তবে রূপ দিতে এবং দেশে আর কখনো ফ্যাসিবাদী শাসন প্রতিষ্ঠিত হতে না দিতে প্রয়োজনে জীবন দিতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর মাওলানা মুহাম্মাদ মামুনুল হক। তিনি বলেন, পদদলিত স্বৈরাচারী সরকারের আমলে সংঘটিত বিচারবহির্ভূত হত্যা, গুম ও গণহত্যার বিচার নিশ্চিত করা এখন সময়ের দাবি।
মঙ্গলবার (২৩ জুন) বিকালে রাজধানীর বিজয়নগর পানির ট্যাংকি মোড়ে ১১ দলীয় ঐক্যের উদ্যোগে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকারের সময়কালে সংঘটিত সকল অপরাধের বিচার ও গণতন্ত্র পুনরুদ্ধারের দাবিতে এই কর্মসূচি পালন করা হয়। এতে সভাপতিত্ব করেন ১১ দলীয় ঐক্যের সমন্বয়ক ড. এ এইচ এম হামিদুর রহমান আজাদ।
বক্তব্য রাখতে গিয়ে মাওলানা মামুনুল হক ঐতিহাসিক পলাশী দিবসের কথা স্মরণ করেন। তিনি বলেন, বিশ্বাসঘাতকতা ও গাদ্দারির মাধ্যমে যেদিন বাংলার স্বাধীনতা ধ্বংস করা হয়েছিল, সেই দিনেই আমরা শপথ নিচ্ছি যে, রক্ত দিয়ে জুলাই বিপ্লব ঘটিয়ে ফ্যাসিবাদকে হটিয়ে দেওয়া হয়েছে এবং ভবিষ্যতে জীবন বাজি রেখে বাংলার মাটিকে ফ্যাসিবাদমুক্ত রাখা হবে।

