কোয়েল নন, আসল নাম ‘রুক্মিনী’! ২০ বছর পর জানালেন অভিনেত্রী

প্রাইম বার্তা অনলাইন
০৪ জানুয়ারি ২০২৬ ১১:২৩ পিএম
কোয়েল নন, আসল নাম ‘রুক্মিনী’! ২০ বছর পর জানালেন অভিনেত্রী

টালিউডের জনপ্রিয় নায়িকা হিসেবে দুই দশকেরও বেশি সময় ধরে দর্শকদের মন জয় করেছেন কোয়েল মল্লিক। তবে খুব কম মানুষই জানতেন যে পর্দায় তার পরিচিত এই নামটি আসলে তার নয়। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের প্রকৃত পরিচয় ‘রুক্মিনী মল্লিক’ সম্পর্কে জানিয়েছেন এই অভিনেত্রী। তিনি জানান, পরিচালকের একটি ভুল বোঝার কারণেই দীর্ঘদিন তার আসল নাম আড়ালে ছিল।

২০০৩ সালে ‘নাটের গুরু’ ছবির মাধ্যমে বড় পর্দায় পা রাখেন তিনি। ওই ছবির পরিচালক হরনাথ চক্রবর্তী জানতেন না যে ‘কোয়েল’ আসলে তার ডাকনাম। কোয়েল জানান, পরিচালক ওই সময় মনে করেছিলেন এটিই তার প্রকৃত নাম এবং কোনো প্রশ্ন না করেই সিনেমার ক্রেডিটে ‘কোয়েল মল্লিক’ লিখে দেন। এরপর থেকেই শুধু ‘কোয়েল’ নামেই পরিচিত হন তিনি।

এ বিষয়ে মজার একটি তথ্যও শেয়ার করেছেন এই অভিনেত্রী। তিনি বলেন, যদি তার আসল নাম ব্যবহার করা হতো তাহলে ইন্ডাস্ট্রিতে দুই ‘রুক্মিনী’কে নিয়ে বিভ্রান্তি তৈরি হতে পারত। কারণ বর্তমান সময়ের আরেক জনপ্রিয় নায়িকা এবং দেবের সঙ্গী রুক্মিনী মৈত্রার সঙ্গে তার নামের মিল রয়েছে। কোয়েল মনে করেন, পরিচালকের সেই ভুলের কারণেই দর্শকরা তাকে আলাদাভাবে চিনতে পারছেন।

নাম নিয়ে আলোচনার পাশাপাশি কাজের জগতেও ব্যস্ত সময় পার করছেন কোয়েল। বর্তমানে তার অভিনীত সিনেমা ‘মিতিন মাসি : একটি খুনির সন্ধানে’ প্রেক্ষাগৃহে চলছে। এর আগে ‘স্বার্থপর’ ছবির মাধ্যমে দীর্ঘ বিরতি কাটিয়ে ফের কাজে ফেরেন তিনি। শোনা যাচ্ছে, দেব অভিনীত আসন্ন সিনেমা ‘খাদান ২’-এ গুরুত্বপূর্ণ একটি চরিত্রে দেখা যেতে পারে তাকে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...