ভক্ত মৃত্যু মামলায় আল্লু অর্জুন, দাখিল হলো চার্জশিট

প্রাইম বার্তা অনলাইন
২৭ ডিসেম্বর ২০২৫ ৮:২১ পিএম
ভক্ত মৃত্যু মামলায় আল্লু অর্জুন, দাখিল হলো চার্জশিট

দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুনের জন্য দুঃসংবাদ নিয়ে হাজির হয়েছে হায়দরাবাদ পুলিশ। সিনেমা হলের বাইরে ভক্তদের উপচে পড়া ভিড়ে পদদলিত হয়ে এক নারীর মৃত্যুর ঘটনায় অভিনেতার বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করা হয়েছে। এই মর্মান্তিক ঘটনার এক বছর পার হলেও ন্যায়বিচারের পথে আইনি প্রক্রিয়া এগিয়েছে এবং এবার অভিযুক্ত হিসেবে আল্লু অর্জুনসহ মোট ২৪ জনের নাম ওঠে এসেছে পুলিশের প্রতিবেদনে।

২০২৪ সালের ৪ ডিসেম্বর হায়দরাবাদের সন্ধ্যা থিয়েটারে ‘পুষ্পা ২: দ্য রুল’ সিনেমার প্রিমিয়ার শো চলাকালীন এই দুর্ঘটনা ঘটে। আরটিসি এক্স রোডসের ওই থিয়েটারে প্রিয় নায়ককে এক ঝলক দেখতে হাজির হয়েছিলেন বিপুল সংখ্যক দর্শক। সেই সময় সৃষ্ট পদদলনে প্রাণ হারান ৩৫ বছর বয়সী রেভাথি। একই ঘটনায় তার নাবালক ছেলে শ্রীতেজ গুরুতর আহত হন এবং দীর্ঘদিন ধরেই চিকিৎসাধীন রয়েছেন। তদন্তে জানা গেছে, পুলিশ নিরাপত্তাজনিত কারণে অনুমতি না দেওয়া সত্ত্বেও অভিনেতা সেখানে উপস্থিত ছিলেন এবং স্থানীয় প্রশাসনের সঙ্গে কোনো সমন্বয় করা হয়নি।

তদন্তে উঠে এসেছে, থিয়েটার কর্তৃপক্ষ ভিড় নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছে এবং ভিআইপি অতিথিদের জন্য আলাদা প্রবেশপথ ছিল না। এছাড়া অভিনেতার নিরাপত্তারক্ষীদের আচরণ পরিস্থিতি আরও ঘোরালো করে তোলে। অবহেলাজনিত মৃত্যুর অভিযোগে ভারতীয় দণ্ডবিধির ৩০৪ ধারায় মামলা দায়ের করে নামপল্লি আদালতে চার্জশিট জমা দেওয়া হয়েছে। বর্তমানে জামিনে থাকা আল্লু অর্জুনের বিরুদ্ধে বিচারিক প্রক্রিয়া শুরু হলো, যেখানে নিহতের পরিবার ক্ষতিপূরণ ও শাস্তির দাবি জানিয়েছে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...