সৃজনশীল দেউলিয়াপনা! ‘বর্ডার টু’ নিয়ে ক্ষুব্ধ জাভেদ আখতার

প্রাইম বার্তা অনলাইন
২০ জানুয়ারি ২০২৬ ৯:২২ পিএম
সৃজনশীল দেউলিয়াপনা! ‘বর্ডার টু’ নিয়ে ক্ষুব্ধ জাভেদ আখতার

ভারত-পাকিস্তান যুদ্ধের পটভূমিতে নির্মিত আলোচিত সিনেমা ‘বর্ডার টু’ মুক্তির আগেই শোরগোল ফেলে দিয়েছে। এই সিনেমার নির্মাতাদের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন বলিউডের প্রখ্যাত গীতিকার জাভেদ আখতার। পুরোনো সুপারহিট গানগুলো নতুন করে ব্যবহার করা এবং নতুন কিছু তৈরি করতে ব্যর্থতার জন্য তিনি এই সিনেমাটিকে ‘বুদ্ধিবৃত্তিক ও সৃজনশীল দেউলিয়াপনা’ বলে অভিহিত করেছেন।

১৯৯৭ সালের ব্লকবাস্টার সিনেমা ‘বর্ডার’-এর গানগুলো লিখেছিলেন জাভেদ আখতার। সিক্যুয়েল নির্মাণের সময় তাকেও গান লেখার অনুরোধ জানানো হলেও তিনি তা প্রত্যাখ্যান করেন। সম্প্রতি তিনি জানান, পুরোনো সাফল্যের ওপর ভর করে নতুন করে গান পুনঃনির্মাণের প্রবণতা তিনি সমর্থন করেন না। তার মতে, নতুন সিনেমার জন্য নতুন গান তৈরি করা উচিত। যদি তা সম্ভব না হয়, তবে নির্মাতাদের স্বীকার করা উচিত যে তারা আগের মানের কাজ করতে সক্ষম নন।

এই বর্ষীয়ান গীতিকার অতীতের গৌরব ধরে রাখার সংস্কৃতির তীব্র সমালোচনা করেছেন। তিনি বলেন, অতীতকে অতীতেই থাকতে দেওয়া উচিত। নতুন চলচ্চিত্র মানেই নতুন ভাবনা এবং নতুন সৃষ্টি। প্রশ্ন তুলেছেন, অতীতের সাফল্য দিয়ে আর কতদিন চলা যায়? উল্লেখ্য, আগামী ২৩ জানুয়ারি মুক্তি পাবে ‘বর্ডার টু’। এতে সানি দেওলের পাশাপাশি অভিনয় করেছেন বরুণ ধাওয়ান, আহান শেঠি এবং দিলজিৎ দোসাঞ্জ।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...