প্রত্যাখ্যাত হয়ে কেঁদেছিলেন সুহানা, প্যাশন দেখালেন নতুন পথ
বলিউড বাদশাহ শাহরুখ খানের মেয়ে হলেও অভিনয়ের জগতে পথচলা মোটেও সহজ ছিল না সুহানা খানের। সম্প্রতি এক সাক্ষাৎকারে এই নবাগত অভিনেত্রী জানান, ক্যারিয়ারের শুরুতে বারবার প্রত্যাখ্যাত হওয়ার তিক্ত অভিজ্ঞতা হয়েছে তার। এই প্রত্যাখ্যানের কারণে মন খারাপ করে একাই অনেক্ষণ কেঁদেছিলেন তিনি। তবে এই হতাশা থেকেই তিনি বুঝতে পেরেছিলেন, চরিত্রগুলো করার এবং মঞ্চের রোমাঞ্চ উপভোগ করার প্রতি তার কতটা গভীর টান রয়েছে।
সুহানার মতে, কৌতূহল এবং উদ্দেশ্যের পাশাপাশি অভিনয়ের পেছনে সবচেয়ে বড় চালিকাশক্তি হলো ‘প্যাশন’। এই লড়াইয়ে তার সবচেয়ে বড় ভরসা বাবা-মা শাহরুখ ও গৌরি খান। ক্যারিয়ারের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো তাদের পরামর্শ নিয়েই নেন তিনি। বাবার দার্শনিক পরামর্শ এবং মায়ের বাস্তবধর্মী কথার মধ্যখানেই নিজের ভারসাম্য খুঁজে পান সুহানা। মুম্বাইয়ের ধীরুভাই আম্বানী ইনস্টিটিউশন থেকে পড়াশোনা শুরু করে ব্রিটেনের আরডিংলে কলেজ এবং পরে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক ইউনিভার্সিটি থেকে ফিল্ম স্টাডিজ বিষয়ে ডিগ্রি অর্জন করেন তিনি।
আন্তর্জাতিক মানের পড়াশোনা শেষে ২০২৩ সালে জোয়া আখতার পরিচালিত ‘দ্য আর্চিস’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক ঘটে সুহানার। প্রতিকূলতা ও মনভাঙা মুহূর্ত পার করে এখন তিনি নিজের পরিচয় তৈরির পথে এগিয়ে চলছেন। তার কাছে এখন অভিনয় শুধুই একটি পেশা নয়, বরং নিজেকে সফল প্রমাণ করার স্বপ্ন বাস্তবায়নের মাধ্যম।

