ইতিহাস মনে রাখে যারা সত্য বলে, পানাহিকে প্রসুন রহমানের আবেগঘন চিঠি
ইরানের বিপজ্জনক রাজনৈতিক পরিস্থিতিতে নির্বাসিত চলচ্চিত্রকার জাফর পানাহির প্রতি সংহতি জানিয়ে খোলা চিঠি লিখেছেন বাংলাদেশের চলচ্চিত্র নির্মাতা প্রসুন রহমান। গত বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বিকেলে ফেসবুকে ‘সিনেমা এবং বিবেক: জাফর পানাহির সঙ্গে সংহতি’ শিরোনামে এই চিঠিটি প্রকাশ করেন তিনি। নিজের বক্তব্যে প্রসুন রহমান স্পষ্ট জানিয়েছেন, যারা বিপদের সময় সত্য উচ্চারণ করতে ভয় পান না, ইতিহাস সেই সাহসী মানুষদেরকে চিরস্মরণীয় করে রাখে।
চিঠিতে প্রসুন উল্লেখ করেন, দক্ষিণ এশিয়ার নির্মাতাদের অনেকেই ইতালীয় নব্যবাস্তববাদ এবং ইরানি সিনেমার নীরব সাহস থেকে শিক্ষা নিয়ে কাজ করেছেন। তিনি বলেন, পানাহির জীবনের নিষেধাজ্ঞা, কারাবাস ও নজরদারি কোনো পৃথক ঘটনা নয়, এটি সেই ইতিহাসের অংশ যেখানে শিল্পীরা ক্ষমতার কাছে কল্পনাকে বিকিয়ে দিতে অস্বীকার করেছেন। মোহাম্মদ রাসুলফ, কেইওয়ান কারিমি থেকে শুরু করে আব্বাস কিয়ারোস্তামির মতো প্রজন্মের কথা স্মরণ করে তিনি বলেন, তাদের সৃষ্টিতে নীরবতা অনেক সময় স্লোগানের চেয়েও শক্তিশালী, যা স্বৈরাচারী শাসনের জন্য সবচেয়ে বড় ভীতির কারণ।
পানাহির সাম্প্রতিক বক্তব্য সম্পর্কে প্রসুন লেখেন, ইসলামি প্রজাতন্ত্রের বৈধতা নিয়ে প্রশ্ন তুলে যা বলেছেন তা উসকানি নয়, বরং একজন প্রত্যক্ষদর্শীর সাক্ষ্য। ‘দিস ইজ নট আ ফিল্ম’ সিনেমার উদাহরণ দিয়ে তিনি আরও বলেন, সত্যের পথে হাঁটার জন্য কারো অনুমতির প্রয়োজন হয় না। সীমান্ত বন্ধ হয়ে গেলে বা স্বাধীনতা কেড়ে নিলেও সিনেমা হারিয়ে যায় না, বরং তা বিবেকের এক নিবিড় কর্মে রূপান্তরিত হয়।

