ভারত-পাক লড়াইয়ের প্রাক্কালে হ্যান্ডশেক ইস্যুতে সরব হরভজন

প্রাইম বার্তা অনলাইন
১৫ ফেব্রুয়ারি ২০২৬ ৬:২৯ পিএম
ভারত-পাক লড়াইয়ের প্রাক্কালে হ্যান্ডশেক ইস্যুতে সরব হরভজন

কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে আজ রোববার টি-টোয়েন্টি বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হচ্ছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। এই হাইভোল্টেজ ম্যাচকে কেন্দ্র করে ফের আলোচনায় এসেছে গত এশিয়া কাপের ‘হ্যান্ডশেক’ বিতর্ক। এমন পরিস্থিতিতে বিষয়টি নিয়ে মুখ খুলেছেন ভারতের প্রাক্তন তারকা স্পিনার হরভজন সিং।

হরভজন সিং জানিয়েছেন, ম্যাচ শেষে প্রতিপক্ষের সঙ্গে হাত মেলানো বা আলিঙ্গন করা সম্পূর্ণরূপেই খেলোয়াড়দের নিজস্ব ইচ্ছার ওপর নির্ভরশীল। তিনি বলেন, ক্রিকেটের নিয়মাবলিতে কোথাও লেখা নেই যে খেলা শেষে এই আচার-অনুষ্ঠান পালন করতেই হবে। অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের খেলোয়াড়দের উদাহরণ দিয়ে ভাজ্জি বলেন, তারা ম্যাচের পর একসঙ্গে সময় কাটায়। তাই খেলোয়াড়দের উচিত মাঠে নেমে নিজেদের সেরাটা দেওয়া এবং ক্রিকেটকে ক্রিকেট হিসেবেই দেখা।

প্রসঙ্গত, গত এশিয়া কাপে পাকিস্তানের বিরুদ্ধে টসের সময় ইচ্ছাকৃতভাবে হ্যান্ডশেক এড়িয়ে যান ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব। এছাড়াও খেলার শেষে পাকিস্তানি ক্রিকেটাররা হাত মেলানোর জন্য অপেক্ষা করলেও তাদের উপেক্ষা করে ড্রেসিংরুমে ফিরে যান ভারতীয় ক্রিকেটাররা। শুধু তাই নয়, ফাইনালের পর ট্রফি বিতরণী অনুষ্ঠানেও বাধা দেওয়া হয়। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সভাপতি মহসিন নকভি পাকিস্তানি হওয়ায় তার কাছ থেকে ট্রফি নিতে অস্বীকার করে ভারতীয় দল। ফলে বিসিসিআইয়ের বারবার অনুরোধ সত্ত্বেও আজও পর্যন্ত এশিয়া কাপের ট্রফি বুঝে পায়নি ভারত।

আজকের ম্যাচের আগে এই পুরনো ঘটনাগুলো আবার সামনে এসেছে। তবে এবার মাঠের লড়াইয়ে যে দল নিজেদের সামর্থ্য প্রমাণ করবে, সেটাই এখন দেখার বিষয়।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...