জরাজীর্ণ সেতু আর মাদকাসক্তদের আড্ডা, আতঙ্কে ঢাবি শিক্ষার্থীরা
নিরাপদ সড়ক পারাপারের উদ্দেশ্যে নির্মিত হলেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কবি সুফিয়া কামাল হলের সামনের পদচারী সেতুটি এখন আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে। সেতুটির অবকাঠামো নেড়িবাজে হয়ে পড়ার পাশাপাশি সেখানে মাদকাসক্ত ও বহিরাগতদের আড্ডা বাড়ছে। ফলে ছিনতাই ও নারী শিক্ষার্থীদের হয়রানির ঘটনায় নিরাপত্তাহীনতায় ভুগছেন সাধারণ শিক্ষার্থীরা।
অবকাঠামোগত দুরবস্থার মধ্যে রয়েছে সিঁড়ি ও রেলিংয়ের ব্যাপক ভাঙন। বিশেষ করে সন্ধ্যার পর এই সেতুতে বহিরাগত ও মাদকসেবীদের আনাগোনা বৃদ্ধি পায়। গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী মোছা. আছিয়া খাতুন জানান, বিকেল গড়ালেই ব্রিজের ওপর বখাটেদের ভিড় জমে। সিঁড়িতে বসে থাকা এসব ব্যক্তি ছাত্রীদের পার হওয়ার সময় আপত্তিকর মন্তব্য করেন। অপর্যাপ্ত আলো ও নজরদারির অভাবে তারা নিরাপত্তাহীনতা বোধ করেন। দর্শন বিভাগের তাকিয়া তাসনিম জানান, অন্ধকারাচ্ছন্ন এলাকায় মাদকসেবীদের উপদ্রবে সাম্প্রতিক সময়ে ছাত্রীদের মোবাইল ও ব্যাগ ছিনতাইয়ের ঘটনাও ঘটেছে।
এমন পরিস্থিতিতে শিক্ষার্থীরা সেতুটি সংস্কারের বদলে পুরোপুরি অপসারণ চান। তারা সড়ক পারাপারের জন্য নিরাপদ বিকল্প ব্যবস্থা এবং পর্যাপ্ত আলোকসজ্জার দাবি জানিয়েছেন। বিষয়টি নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) সম্প্রতি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বরাবর আবেদন জমা দিয়েছে।

