সরকারি কর্মচারীদের পে-স্কেল ঘোষণা যেকোনো মুহূর্তে: মুখ্য সচিব
সরকারি কর্মচারীদের নতুন বেতন কাঠামো বা পে-স্কেল এখন চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার। তিনি বলেন, যেকোনো মুহূর্তে এই পে-স্কেলের গেজেট নোটিফিকেশন জারি করা হতে পারে। রোববার (১৬ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
মুখ্য সচিব জানান, সরকার পে-স্কেল বাস্তবায়নের ব্যাপারে পুরোপুরি প্রতিশ্রুতিবদ্ধ। এ বিষয়টি এখন প্রক্রিয়াধীন এবং চূড়ান্ত ধাপে রয়েছে। এর ফলে খুব শীঘ্রই সরকারি কর্মচারীদের জন্য সুখবরটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।
এ সময় দেশের বর্তমান অর্থনীতি ও বাজার পরিস্থিতি নিয়েও কথা বলেন তিনি। জ্বালানি ও বিদ্যুৎ সংকটের কারণে উৎপাদন ব্যবস্থায় কিছুটা বিঘ্ন ঘটলেও তা সমাধানের চেষ্টা চলছে বলে জানান মুখ্য সচিব। তিনি বলেন, মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাবে এই সংকট তৈরি হয়েছে এবং এর জন্য বর্তমান সরকার দায়ী নয়।
বর্তমান সরকারের ছয় মাসের কাজের মূল্যায়ন করতে গিয়ে এ বি এম আব্দুস সাত্তার বলেন, অতীতের সমস্যাগুলোর সমাধানে প্রধানমন্ত্রী তারেক রহমান নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। কৃষকদের ঋণ মওকুফ, কৃষক কার্ড, পরিবার কার্ড এবং স্বাস্থ্য কার্ডের মতো প্রকল্পগুলো ইতোমধ্যে বাস্তবায়ন করা হয়েছে। তিনি আরও যোগ করেন, ছয় মাসে সব সমস্যার সমাধান সম্ভব না হলেও সরকার পুরোদমে কাজ করে যাচ্ছে এবং পরিস্থিতি উন্নতির পথে।

