রাজধানীতে চাঁদাবাজি ও অটোরিকশা নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ
রাজধানীর যানজট নিরসন এবং চাঁদাবাজি প্রতিরোধে কঠোর পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার মো. মাসুদ করিম। তিনি বলেছেন, অটোরিকশা ও চাঁদাবাজি নিয়ন্ত্রণে সরকার একটি স্থায়ী নীতিমালা তৈরি করছে। গতকাল রোববার (১৬ আগস্ট) মতিঝিলে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) কার্যালয়ে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ও ডিসিসিআই যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে।
সভায় মাসুদ করিম জানান, ট্রাফিক ক্যামেরা সচল করার কাজ চলছে। এর মাধ্যমে যানজট নিয়ন্ত্রণ সহজ হবে। তিনি স্পষ্ট করে বলেন, চাঁদাবাজির বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে দেখা হচ্ছে এবং এটি দমনে পুলিশ সদস্যদের কঠোর নির্দেশ দেওয়া হয়েছে। ছোট ছোট পরিবর্তনের মাধ্যমে রাজধানীকে নিরাপদ ও বসবাসযোগ্য করা হবে বলেও জানান তিনি।
অনুষ্ঠানে ডিসিসিআই সভাপতি তাসকীন আহমেদ ট্রেড লাইসেন্স নবায়ন প্রক্রিয়া নিয়ে কথা বলেন। তিনি বলেন, লাইসেন্স নবায়নে ব্যবসায়ীদের হয়রানির কথা বিবেচনা করে প্রক্রিয়াটি সহজ ও অনলাইনভিত্তিক করার উদ্যোগ নেওয়া হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মো. আব্দুস সালাম এবং প্রধান নির্বাহী কর্মকর্তা মো. খয়বর রহমান উপস্থিত ছিলেন।

