নজরুল বর্ষ: দেশব্যাপী সাংস্কৃতিক প্রতিযোগিতার নতুন সময়সূচি ঘোষণা
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মরণে দেশব্যাপী আয়োজিত সাংস্কৃতিক প্রতিযোগিতার সময়সূচি পরিবর্তন করেছে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়। এর আগে ঘোষিত ১লা সেপ্টেম্বর থেকে ১২ই অক্টোবরের সূচি বাতিল করে নতুন করে ৩১শে আগস্ট থেকে ৩১শে অক্টোবর পর্যন্ত এই কর্মসূচি পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গত ১১ই আগস্ট জারি করা এক সংশোধিত নির্দেশিকায় এ তথ্য জানানো হয়। এই প্রতিযোগিতায় দেশের প্রাথমিক, মাধ্যমিক ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারবে।
প্রতিযোগিতার অন্যতম আকর্ষণ হবে নজরুলসংগীত, কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কন, একক অভিনয় এবং নজরুলসংগীত ভিত্তিক একক নৃত্য। প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের জন্য ‘ভোর হলো’, ‘খোকার সাধ’, ‘খুকি ও কাঠবিড়ালী’ এবং ‘লিচু চোর’ কবিতা নির্ধারণ করা হয়েছে। অন্যদিকে, কারিগরি ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের জন্য ‘বিদ্রোহী’, ‘সংকল্প’, ‘কান্ডারি হুঁশিয়ার’, ‘মানুষ’ ও ‘ওমর ফারুক’ কবিতাগুলো রাখা হয়েছে।
আগামী ৩১শে আগস্ট সকাল ১০টায় সারাদেশের জেলা ও উপজেলা পর্যায়ে একযোগে এই প্রতিযোগিতার উদ্বোধন ঘটবে। বিদ্যালয়, উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ের ধাপসমূহ শেষে আগামী ২৯, ৩০ ও ৩১শে অক্টোবর জাতীয় পর্যায়ের চূড়ান্ত প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনিক কর্মকর্তা এবং সংস্কৃতিজনদের উপস্থিত থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। উল্লেখ্য, সরকার চলতি বছরের ২৫শে মে থেকে আগামী বছরের ২৫শে মে পর্যন্ত ‘নজরুল বর্ষ’ পালনের সিদ্ধান্ত গ্রহণ করেছে।

