পাকিস্তানে না খেলায় ভারতকে কঠোর সমালোচনা সাঈদ আজমলের

প্রাইম বার্তা অনলাইন
১৩ জানুয়ারি ২০২৬ ৮:৫৯ পিএম
পাকিস্তানে না খেলায় ভারতকে কঠোর সমালোচনা সাঈদ আজমলের

রাজনৈতিক টানাপোড়েনের অজুহাতে দীর্ঘ ১৮ বছর ধরে পাকিস্তানের মাটিতে খেলতে না আসার জন্য ভারতকে কঠোর সমালোচনা করেছেন দেশটির সাবেক তারকা স্পিনার সাঈদ আজমল। করাচিতে এক অনুষ্ঠানে তিনি বলেন, বিশ্বের অন্যান্য ক্রিকেটীয় শক্তি যখন নিরাপদে পাকিস্তান সফর করছে, তখন ভারতের এই অপারগতা কোনোভাবেই যুক্তিসঙ্গত নয়। তিনি মনে করেন, নিরাপত্তার বিষয়টি এখন অতীত এবং বর্তমান সময়ে বিসিসিআইয়ের এই অনীহা ক্রিকেটের স্বার্থে নয়।

২০০৮ সালে সর্বশেষ এশিয়া কাপ খেলতে পাকিস্তানে গিয়েছিল ভারত। এরপর গত দেড় যুগে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড এবং বাংলাদেশের মতো দলগুলো সেখানে সফর করলেও ভারত এড়িয়ে চলেছে। আজমলের দাবি, অর্থনৈতিক শক্তির কারণে আইসিসি ভারতের ওপর কোনো চাপ প্রয়োগ করতে পারছে না। ২০২৪-২৭ মেয়াদে আইসিসির মোট আয়ের ৩৮.৫০ শতাংশ পাচ্ছে বিসিসিআই এবং বর্তমানে আইসিসির চেয়ারম্যান হিসেবে দায়িত্বে রয়েছেন ভারতের জয় শাহ। এ কারণেই পাকিস্তান আয়োজিত টুর্নামেন্টে ভারত নিরপেক্ষ ভেন্যু নিশ্চিত করতে সক্ষম হচ্ছে।

আইসিসি যদি বিসিসিআইয়ের প্রভাবমুক্ত হয়ে ক্রিকেটের উন্নয়নের স্বার্থে কঠোর সিদ্ধান্ত নিতে না পারে, তবে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা হিসেবে তাদের বিশ্বাসযোগ্যতা হারাবে বলে মনে করেন এই লেগ স্পিনার। তবে আসন্ন ভারত-শ্রীলঙ্কা যৌথ আয়োজিত টি-টোয়েন্টি বিশ্বকাপে হাইব্রিড মডেল প্রয়োগ করতে হচ্ছে না। এই টুর্নামেন্টে পাকিস্তান তাদের সব ম্যাচ শ্রীলঙ্কায় খেলবে, যেখানে আগামী ১৫ ফেব্রুয়ারি কলম্বোতে ভারতের মুখোমুখি হবে তারা।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...