পচা খাবারে পোকা-মাকড়, পতেঙ্গার সি বার্ড হোটেলে চার লাখ জরিমানা
চট্টগ্রামের পতেঙ্গায় অস্বাস্থ্যকর পরিবেশে নিম্নমানের খাবার পরিবেশনের দায়ে ‘সি বার্ড হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট’-এর কার্যক্রম সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে এই অপরাধের জন্য প্রতিষ্ঠানটিকে চার লাখ টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার দুপুরে সহকারী কমিশনার (ভূমি) মাসুমা আকতার কণার নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে অংশ নেওয়া জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা ফারহান ইসলাম জানান, সমুদ্রসৈকত এলাকার ওই হোটেলটিতে তল্লাশি চালানোর সময় পচা-বাসি খাবারের স্তূপের মধ্যে পোকামাকড় ও বিড়াল ঘোরাফেরা করতে দেখা যায়। তিনি আরও জানান, প্রতিষ্ঠানটি কোনো ধরনের আইনি নিবন্ধন গ্রহণ না করেই অনিয়মিতভাবে খাদ্যদ্রব্য উৎপাদন ও বিক্রি করে আসছিল। যা জনস্বাস্থ্যর জন্য ঝুঁকিপূর্ণ।
এমন গুরুতর অনিয়মের প্রমাণ পাওয়ার পর ভোক্তা অধিকার সুরক্ষা আইনে প্রতিষ্ঠানটিকে অর্থদণ্ড প্রদান করা হয়। পাশাপাশি স্বাস্থ্য ঝুঁকি এড়ানোর লক্ষ্যে মানোন্নয়নের জন্য জনস্বার্থে হোটেলটি সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ জানিয়েছে, এলাকায় খাদ্যের মান নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

