পল্লবীর সন্তান হত্যার শোকে অসুস্থ মায়ের চিকিৎসার দায়িত্ব নিলেন ডা. রফিক

প্রাইম বার্তা অনলাইন
২৪ জুন ২০২৬ ২:৪২ এএম
পল্লবীর সন্তান হত্যার শোকে অসুস্থ মায়ের চিকিৎসার দায়িত্ব নিলেন ডা. রফিক

রাজধানীর পল্লবীতে আট বছরের শিশু হত্যাকাণ্ডের ঘটনায় গভীর শোক ও মানসিক আঘাতে গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন নিহত শিশুর মা। দীর্ঘদিন ধরে বুকে ব্যথা, ভার্টিগো বা নিউরোলজিক্যাল সমস্যা এবং পরিপাকতন্ত্রজনিত জটিলতায় ভুগছেন তিনি। এই চরম দুর্দশার মুখে তার পরিবারের আবেদনের প্রেক্ষিতে মানবিক দায়িত্ব পালন করেছেন বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. মো. রফিকুল ইসলাম। তার উদ্যোগে মঙ্গলবার (২৩ জুন) সকালে ওই নারীকে রাজধানীর একটি বিশেষায়িত মাল্টিডিসিপ্লিনারি হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তার চিকিৎসা শুরু হয়েছে।

ডা. রফিকুল ইসলাম জানান, শিশুটির মায়ের জটিল শারীরিক ও মানসিক সমস্যার সমাধানের জন্য একটি বিশেষজ্ঞ মেডিকেল বোর্ড গঠন করা হবে। এই বোর্ডে মানসিক রোগ, হৃদরোগ, নিউরোলজি এবং পরিপাকতন্ত্রের বিশেষজ্ঞ চিকিৎসকরা থাকবেন। ইতিমধ্যে মানসিক রোগ বিশেষজ্ঞ ও সাইকোলজিস্টদের তত্ত্বাবধানে তার কাউন্সেলিং শুরু হয়েছে। তিনি বলেন, সন্তান হারানোর মানসিক ধকল তার শারীরিক ব্যথা এবং জটিলতাকে আরও প্রকট করেছে, ফলে তাকে দ্রুত সমন্বিত চিকিৎসা প্রদান অপরিহার্য হয়ে পড়েছে।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, বর্তমানে ওই নারীর শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। তবে পরবর্তী চিকিৎসা পরিকল্পনা চূড়ান্ত করতে বিস্তারিত কিছু পরীক্ষা নিরীক্ষা পরিচালনা করা হবে। পরিবার ও সংশ্লিষ্টদের প্রত্যাশা, এই সমন্বিত চিকিৎসা এবং সমাজের উদার ব্যক্তিদের সহযোগিতায় তিনি শীঘ্রই সুস্থ হয়ে ওঠার পথে ফিরবেন।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...