এতিমখানার সম্পত্তি রক্ষায় মানববন্ধন, হাইকোর্টের রায় বাস্তবায়নের দাবি

প্রাইম বার্তা ডেস্ক
১৯ জুলাই ২০২৬ ৫:৫৯ পিএম
এতিমখানার সম্পত্তি রক্ষায় মানববন্ধন, হাইকোর্টের রায় বাস্তবায়নের দাবি

ফজলুর রহমান ফজিলাতুন্নেসা মেমোরিয়াল ট্রাস্টের অধীন পরিচালিত নূরানী হাফিজিয়া ও এতিমখানার সম্পত্তি রক্ষার দাবিতে মানবন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৯ জুলাই) ট্রাস্ট পরিচালনা কর্তৃপক্ষের উদ্যোগে মাদ্রাসার এতিম শিক্ষার্থী, শিক্ষক এবং স্থানীয় এলাকাবাসীর অংশগ্রহণে রাজধানীর খিলগাঁও চৌধুরীপাড়ায় ট্রাস্টের নিজস্ব ভবনের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, প্রয়াত ফজলুর রহমান ও ফজিলাতুন্নেসা দম্পতি তাঁদের জীবদ্দশায় প্রতিষ্ঠিত ফজলুর রহমান ফজিলাতুন্নেসা মেমোরিয়াল ট্রাস্টের নামে তাঁদের স্থাবর-অস্থাবর সকল সম্পত্তি উইল করে যান। বর্তমানে ওই ট্রাস্টের অধীনে একটি নূরানী হাফিজিয়া ও এতিমখানা মাদ্রাসা, জামে মসজিদ, একটি বৃহৎ কবরস্থান এবং একটি দাতব্য চিকিৎসালয় পরিচালিত হচ্ছে। মাদ্রাসাটিতে শতাধিক অসহায় এতিম ও অনাথ শিক্ষার্থী সম্পূর্ণ বিনামূল্যে আবাসন, খাদ্য ও শিক্ষা সুবিধা পাচ্ছে।

বক্তারা আরও বলেন, ৩১ আগস্ট ২০২৩ তারিখে মহামান্য হাইকোর্ট সংশ্লিষ্ট রিট পিটিশনের রায়ে ট্রাস্টের মালিকানা বহাল রাখার নির্দেশ প্রদান করেছেন। এরপরও একটি পক্ষ ট্রাস্টের সম্পত্তি দখল ও বিক্রির অপচেষ্টা চালিয়ে যাচ্ছে বলে তারা অভিযোগ করেন।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, এতিমদের আশ্রয়স্থল ও শিক্ষাপ্রতিষ্ঠানের সম্পত্তি নিয়ে কোনো ধরনের দখল বা জবরদখলের চেষ্টা শুধু আইনের পরিপন্থী নয়, এটি মানবিক মূল্যবোধেরও পরিপন্থী। তারা হাইকোর্টের রায় দ্রুত বাস্তবায়ন, ট্রাস্টের সম্পত্তির নিরাপত্তা নিশ্চিত করা এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

এসময় এতিম শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দারা ট্রাস্টের সম্পত্তি রক্ষায় প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী, গণমাধ্যম এবং সমাজের সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেন। তারা বলেন, এই সম্পত্তি কোনো ব্যক্তি বা গোষ্ঠীর নয়; এটি অসহায় এতিম শিশুদের ভবিষ্যৎ, শিক্ষা ও মানবিক সেবার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...