রাজধানীতে ফুটপাত দখলের অরাজকতা, সমাধানে পরিকল্পনাহীনতা
রাজধানীর ফুটপাতগুলো যেন এখন প্রতিনিয়ত একই দৃশ্যের পুনরাবৃত্তি দেখছে। সকালে আইনশৃঙ্খলা বাহিনী বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ উচ্ছেদ অভিযান চালিয়ে ফুটপাত ফাঁকা করলেও, অভিযান শেষ হতে না হতেই আবার সেখানে দখল নিচ্ছেন হকাররা। বিকল্প স্থানে পুনর্বাসনের মাধ্যমে এই সমস্যার সমাধানের উদ্যোগ থমকে থাকায় ঢাকার দুই সিটি করপোরেশনকে এখন নিয়মিত উচ্ছেদ অভিযানেই বেশি জোর দিতে হচ্ছে, যা বাস্তবতায় কোনো স্থায়ী সমাধান দিতে পারছে না।
বিশেষজ্ঞরা বলছেন, কোনো সুনির্দিষ্ট পরিকল্পনা বা নীতিমালা ছাড়া সাময়িক উচ্ছেদ অভিযান চালিয়ে এই সমস্যা সমাধান সম্ভব নয়। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) আরবান অ্যান্ড রিজিওনাল প্ল্যানিং বিভাগের অধ্যাপক ড. মু. মোসলেহ উদ্দীন হাসান বলেন, আমাদের হকার ম্যানেজমেন্ট পলিসি নেই। হকার সমস্যা সমাধানে পরিসংখ্যান আগে করতে হবে। তিনি বলেন, ‘উচ্ছেদ করে কূল পাচ্ছি না। তাহলে কী করলে কূল পাব, ব্যাপারটা ওইভাবে দেখতে হবে।’ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আরবান অ্যান্ড রিজিওনাল প্ল্যানিং বিভাগের অধ্যাপক ড. আদিল মুহাম্মদ খান বলেন, ‘একটা প্ল্যান নেই, কোন কোন জায়গায় করবে, কারা দায়িত্বে থাকবে—সেই প্ল্যানই নেই। ফলে অভিযান করলেও আবার বসে যাচ্ছে।’
সিটি করপোরেশন সূত্র জানিয়েছে, জনসাধারণের চলাচল নির্বিঘ্ন করতে ফুটপাতে কাউকে বসতে দেওয়া হবে না এবং ভবিষ্যতে এই উচ্ছেদ অভিযান আরও জোরদার করা হবে। গত দুই মাস আগে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ রাজধানীজুড়ে সাঁড়াশি অভিযান চালিয়ে ফুটপাত ফাঁকা করলেও অভিযান শিথিল হলে পরিস্থিতি আগের অবস্থায় ফিরে যায়। লাখ লাখ হকারের পুনর্বাসনের স্থান সংকুলান না হওয়া এবং হকারদের অনাগ্রহের কারণে পুনর্বাসনের প্রক্রিয়া ঝুঁলে আছে। ফলে টেকসই সমাধানের অভাবে রাজধানীর ফুটপাতে এই দৃশ্যপট প্রতিনিয়ত ঘুরেফিরে আসছে।

