বাবার সামনে অভিষেকে হাসানের ৯২ রান, সাজঘরে গর্বিত নবি

প্রাইম বার্তা অনলাইন
১২ জানুয়ারি ২০২৬ ৩:২৭ এএম
বাবার সামনে অভিষেকে হাসানের ৯২ রান, সাজঘরে গর্বিত নবি

বিপিএলের মঞ্চে একই দলের জার্সিতে বাবা ও ছেলের সাফল্যের ইতিহাস লিখলেন মোহাম্মদ নবি ও হাসান ইশাখিল। টানা ছয় ম্যাচ পরাজয়ের পর নোয়াখালী এক্সপ্রেসকে জয়ের ধারায় ফেরাতে মুখ্য ভূমিকা রাখেন এই জুটি। বাবার সামনেই অভিষেক ম্যাচে দুর্দান্ত ব্যাটিং করেছেন হাসান। মাত্র ৫টি চার ও ৭টি ছক্কার সাহায্যে ৯২ রান সংগ্রহ করেন তিনি। ম্যাচ সেরা হওয়ার পর সংবাদ সম্মেলনে বসে ছেলের উদ্দেশ্যে বাবা নবি সম্বোধন করেন, ‘আসেন ওস্তাদ, আসেন।’

ম্যাচ শেষে ব্রডকাস্টারদের সাক্ষাৎকার শেষে দুজনকেই সংবাদ সম্মেলনে আসতে দেখা যায়। সাধারণত একজন খেলোয়াড় উপস্থিত থাকলেও এদিন বাবা-ছেলের একসাথে আসা সাংবাদিকদের জন্য বিশেষ আকর্ষণ ছিল। সংবাদ সম্মেলনে সেঞ্চুরি হাতছাড়া করার কারণ ব্যাখ্যা করতে গিয়ে হাসান জানান, ব্যক্তিগত সাফল্যের চেয়ে দলের বড় সংগ্রহ গড়াই ছিল তার মূল লক্ষ্য। বাবা নবি খেলার মাঝে তাকে নিচু শট খেলার পরামর্শ দিলেও শেষ দিকে বড় শট খেলার সিদ্ধান্ত নেন তিনি।

ছেলের পারফরম্যান্সে মুগ্ধ হয়ে বাবা নবি জানান, ছেলেকে একজন পেশাদার ক্রিকেটার হিসেবে গড়ে তোলার স্বপ্ন তার দীর্ঘদিনের। ক্রিজে থাকার সময় তিনি ছেলেকে বলের ধরন বা পরিস্থিতি সম্পর্কে টিপস দিচ্ছিলেন এবং হাসান সেটি সঠিকভাবে কাজে লাগিয়েছেন বলে জানান তিনি। একসঙ্গে খেলার সুযোগ পাওয়ায় অত্যন্ত খুশি এই অভিজ্ঞ অলরাউন্ডার। ছেলের এমন পারফরম্যান্স দেখে গর্বিত বাবার মুখে হাসির ঝিলিক স্পষ্ট ছিল।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...