বাংলাদেশি সাংবাদিকদের অ্যাক্রেডিটেশন নিয়ে নমনীয় আইসিসি

প্রাইম বার্তা অনলাইন
২৮ জানুয়ারি ২০২৬ ১২:৪২ এএম
বাংলাদেশি সাংবাদিকদের অ্যাক্রেডিটেশন নিয়ে নমনীয় আইসিসি

ভারতে অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপে দল না পাঠানোর সিদ্ধান্তের কারণে বাংলাদেশি সাংবাদিকদের অ্যাক্রেডিটেশন বা স্বীকৃতি দিতে অস্বীকৃতি জানিয়েছিল আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। তবে সমালোচনার মুখে দাঁড়িয়ে সংস্থাটি তাদের আগের অবস্থান থেকে সরে এসে নতুন করে আবেদন প্রক্রিয়া সাজানোর উদ্যোগ নিয়েছে বলে জানা গেছে।

একটি ভারতীয় সংবাদ মাধ্যমের বরাত দিয়ে জানা যায়, আইসিসি এখন তালিকা প্রস্তুত করছে এবং কাদের অ্যাক্রেডিটেশন কার্ড দেওয়া হবে তা খতিয়ে দেখছে। বিশ্বকাপে সংবাদ সংগ্রহের জন্য বাংলাদেশ থেকে প্রায় ৮০ থেকে ৯০ জন সাংবাদিক আবেদন করেছিলেন। দল না থাকলেও কাদের অনুমতি দেওয়া যায় তা নির্ধারণের কাজ চলছে। অন্যদিকে, বিসিবি মিডিয়া কমিটির চেয়ারম্যান আমজাদ হোসেন জানিয়েছেন, তারা আইসিসির কাছে এই সিদ্ধান্তের কারণ জানতে চেয়ে মেইল করেছেন এবং ব্যাখ্যা চেয়েছেন।

আমজাদ হোসেন বলেন, দল অংশগ্রহণ করুক বা না করুক, তা সাংবাদিকদের কাভারেজের জন্য মূল শর্ত হতে পারে না। তিনি ২০১৩ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির উদাহরণ টেনে বলেন, যখন বাংলাদেশ দল ওই আসরে খেলেনি, তবুও দেশের সাংবাদিকরা সেখানে গিয়েছিলেন। এছাড়া ফিফা বিশ্বকাপে বাংলাদেশের দল না থাকলেও সাংবাদিকরা নিয়মিত সেখানে রিপোর্ট করেন। শেষ পর্যন্ত আইসিসি কী সিদ্ধান্ত নেয় সেটাই এখন দেখার বিষয়।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...