ব্যাটিং-বোলিংয়ে ধ্বংস, আইসিসি র‍্যাঙ্কিংয়ে বড় লাফ টাইগ্রেসদের

প্রাইম বার্তা অনলাইন
২৭ জানুয়ারি ২০২৬ ৭:৪৮ পিএম
ব্যাটিং-বোলিংয়ে ধ্বংস, আইসিসি র‍্যাঙ্কিংয়ে বড় লাফ টাইগ্রেসদের

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বে টানা চার ম্যাচে জয়ের ধারাবাহিকতায় দারুণ ছন্দে রয়েছে বাংলাদেশ দল। লাল-সবুজের প্রতিনিধিদের এই দলগত সাফল্যের পাশাপাশি ব্যক্তিগত নৈপুণ্যেও নজর কেড়েছেন টাইগ্রেসরা। টুর্নামেন্টে ধারাবাহিক দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কারস্বরূপ আইসিসির সর্বশেষ র‍্যাঙ্কিংয়ে ব্যাটিং ও বোলিং—উভয় বিভাগেই একাধিক ধাপ এগিয়েছেন বাংলাদেশি ক্রিকেটাররা।

ব্যাটারদের তালিকায় সবচেয়ে বড় অগ্রগতি হয়েছে শারমিন আক্তারের। ফিফটির দারুণ এক ইনিংস খেলে তিনি মাত্র এক লাফে ২২ ধাপ এগিয়ে ক্যারিয়ারসেরা ৩৫তম স্থান দখল করেছেন। তার সতীর্থ ওপেনার দিলারা আক্তারও নামিবিয়া ও আয়ারল্যান্ডের বিপক্ষে রানের ফোয়ারা ঝড়িয়ে প্রথমবারের মতো সেরা একশত ব্যাটারের তালিকায় জায়গা করে নিয়েছেন। ৩৩ ধাপ উন্নতি করে তিনি বর্তমানে যৌথভাবে ৭০তম স্থানে অবস্থান করছেন। এছাড়া শেষ দুই ম্যাচে ভালো ব্যাটিং করা সোবহানা মোস্তারি ১১ ধাপ এগিয়ে যৌথ ৫২তম এবং স্বর্ণা আক্তার ১৭ ধাপ লাফ দিয়ে ৮৩তম স্থানে পৌঁছেছেন।

বোলিং বিভাগেও পিছিয়ে নেই বাংলাদেশ। নামিবিয়ার বিপক্ষে ৩ উইকেট তুলে নেয়া ফাহিমা খাতুন ৬ ধাপ উন্নতি করে ৩০তম স্থানে রয়েছেন। একই ম্যাচে ৪ উইকেট শিকার করা সানজিদা আক্তার মেঘলাও ৬ ধাপ এগিয়ে ৫৪তম অবস্থানে আছেন। এদিকে, ধারাবাহিক পারফরম্যান্স চালিয়ে যাওয়া লেগ স্পিনার রাবেয়া খান এক ধাপ ওপরে উঠে বর্তমানে ১৪তম স্থানে অবস্থান করছেন। এই সাফল্য বাংলাদেশের মেয়েদের ক্রিকেটের আন্তর্জাতিক অঙ্গনে আধিপত্য বিরাজ করার বার্তা দিচ্ছে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...