পাবনা-৩ আসনে সামান্য ব্যবধানে হেরে পুনর্গণনার দাবি বিএনপি প্রার্থীর

প্রাইম বার্তা অনলাইন
১৩ ফেব্রুয়ারি ২০২৬ ৬:২৪ পিএম
পাবনা-৩ আসনে সামান্য ব্যবধানে হেরে পুনর্গণনার দাবি বিএনপি প্রার্থীর

পাবনা-৩ আসনে মাত্র তিন হাজারের কিছু বেশি ভোটের ব্যবধানে পরাজয়ের পর ভোট পুনর্গণনার দাবি জানিয়েছেন বিএনপির মনোনীত প্রার্থী হাসান জাফির তুহিন। বৃহস্পতিবার রাতে ফলাফল ঘোষণার পরপরই তিনি জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কাছে এ সংক্রান্ত একটি লিখিত আবেদন জমা দেন। এই আসনে জয়ী হয়েছেন জামায়াতে ইসলামীর প্রার্থী আলী আছগার।

নির্বাচনি ফল অনুযায়ী, জামায়াত প্রার্থী আলী আছগার এক লাখ ৪৭ হাজার ৪৭৫ ভোট পেয়ে বিজয়ী হন, যেখানে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হিসেবে তুহিন পান এক লাখ ৪৪ হাজার ২০৬ ভোট। পোস্টাল ব্যালটসহ দুই প্রার্থীর মধ্যে ভোটের ব্যবধান দাঁড়ায় মাত্র তিন হাজার ২৬৯টি। এই স্বল্প ব্যবধানে হেরে যাওয়ায় নির্বাচনে স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছেন তুহিন। তার আবেদনে বলা হয়েছে, অনেক কেন্দ্রে ফরম-১৬ এর সাথে প্রকৃত ভোট সংখ্যার মিল নেই এবং বাতিল হওয়া ভোটের পরিমাণ অস্বাভাবিক বেশি। এছাড়া কিছু কেন্দ্রে এজেন্টদের উপস্থিতিতেও ফলাফল না লিখে অপূর্ণ ফরমে সই নেওয়ার অভিযোগও করেছেন তিনি।

অবশ্য পুনর্গণনার এই আবেদন গ্রহণ করতে রাজি হননি জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা শাহেদ মোস্তফা। তিনি জানান, ভোট গণনা শেষে এমন আবেদন স্থানীয় প্রশাসনের কাছে গ্রহণযোগ্য নয়, এ জন্য নির্বাচন কমিশনে যেতে হবে। তিনি আরও বলেন, প্রতিদ্বন্দ্বী প্রার্থীর পোলিং এজেন্টদের নির্বাচনের সময় অভিযোগ করা উচিত ছিল, ফলাফল ঘোষণার পর এই ধরনের আবেদন আমলে নেওয়া সম্ভব নয়।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...