সাহসই আমার বড় অর্জন: নিরাপত্তা প্রসঙ্গে যা বললেন মেঘনা আলম

প্রাইম বার্তা অনলাইন
১২ ফেব্রুয়ারি ২০২৬ ৭:৪১ পিএম
সাহসই আমার বড় অর্জন: নিরাপত্তা প্রসঙ্গে যা বললেন মেঘনা আলম

ঢাকা-৮ আসনে গণঅধিকার পরিষদের মনোনীত প্রার্থী মেঘনা আলম জানিয়েছেন, এমন আসনে নির্বাচন করাই তার কাছে মূল সাফল্য, যেখানে নারীরা ভয়ে ভোটের মাঠে আসতে চান না। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে বিকেল ৪টায় নিজের ভোট দেওয়ার পর তিনি সাংবাদিকদের এ কথা বলেন। তিনি বলেন, ভোটের ফলাফল যাই হোক, নারী হিসেবে সাহস দেখানোটাই তার জন্য সবচেয়ে বড় প্রাপ্তি।

নিরাপত্তা রক্ষী বা ‘গানম্যান’ না পাওয়ার বিষয়ে ক্ষোভ প্রকাশ করেছেন এই প্রার্থী। থানায় গিয়ে বারবার অনুরোধ করার পরও তাকে স্থায়ীভাবে আইনি নিরাপত্তা দেওয়া হয়নি। তিনি অভিযোগ করেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আদেশের অজুহাত দেখিয়ে এই নিরাপত্তা থেকে তাকে বঞ্চিত করা হয়েছে। মেঘনা আলম প্রশ্ন রাখেন, একজন বৈধ সংসদ সদস্য প্রার্থী হিসেবে যে নাগরিক সম্মান ও নিরাপত্তা তিনি পাওয়ার যোগ্য, তা কোনো বিদেশিকে খুশি করতে গিয়ে কি বাদ দেওয়া হয়েছে? এটি তার জন্য অত্যন্ত দুঃখজনক বলে তিনি উল্লেখ করেন।

নির্বাচন কমিশনের (ইসি) ভূমিকা নিয়েও কথা বলেছেন এই প্রার্থী। তিনি বলেন, ইসির উচিত স্বচ্ছ নির্বাচনী পরিবেশ নিশ্চিত করা। যদি ইসির নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন ওঠে, তবে সাধারণ মানুষের মনে নেতিবাচক ধারণা তৈরি হবে। মেঘনা আলম আরও জানান, নিয়ম অনুযায়ী তিনি মাত্র দুই শতাংশ প্রচারণা চালাতে পেরেছেন। অথচ অন্যরা নিয়ম-কানুনের তোয়াক্কা না করেই ব্যাপক প্রচারণা চালিয়েছেন, যা তিনি নিজের চোখে দেখেছেন।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...