কিশোরগঞ্জে ফজলুর রহমান, জামায়াতের ভোট নিয়ে সন্দেহ ও তীব্র সমালোচনা
কিশোরগঞ্জ-৪ আসনের বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট ফজলুর রহমান দাবি করেছেন, সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হলে জামায়াতের পক্ষে ১০ শতাংশ ভোটও পাওয়া কঠিন হবে। একইসঙ্গে জামায়াতের নেতাদের বিরুদ্ধে নির্বাচনী প্রচারণায় ধর্মীয় অনুভূতি ও বেহেশতের লোভ দেখিয়ে মানুষকে বিভ্রান্ত করার অভিযোগ এনেছেন তিনি।
মঙ্গলবার সন্ধ্যায় মিঠামইন উপজেলার ঢাকী ইউনিয়নে বিএনপি আয়োজিত এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ফজলুর রহমান সতর্ক করে বলেন, জামায়াত ক্ষমতায় এলে ইটনা, মিঠামইন ও অষ্টগ্রামে পাকিস্তানি সেনাবাহিনী মোতায়েন হবে এবং রাজাকারদের সহায়তায় দেশকে আবারও ১৯৭১ সালের নরকীয় পরিস্থিতিতে নিয়ে যাওয়া হবে। তিনি প্রশ্ন রাখেন, ওদের কর্মী বা ভোটার নেই, তারা কীভাবে ভোট পাবে?
ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারের তীব্র সমালোচনা করে এই বিএনপি নেতা বলেন, জামায়াত নেতারা মহিলাদের দিয়ে শিশুদের বিস্কুট ও চকলেট দান করে ভোটের প্রলোভন দেখাচ্ছে। এমনকি তারা ভোট দিলে বেহেশতের টিকিট পাওয়ার কথাও বলছে। তিনি বলেন, আল্লাহ ছাড়া বেহেশত দেওয়ার আর কেউ নেই এবং মানুষ হয়ে আল্লাহ সাজার অপচেষ্টার জন্য তাদের জাহান্নাম হবে।
তারেক রহমানকে নিয়ে জামায়াতের দ্বৈত আচরণেরও সমালোচনা করেন তিনি। ফজলুর রহমান বলেন, এরা একদিকে বলে তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন, অন্যদিকে ডাকসুর ভিপি প্রশ্নে তাকে লাথি মেরে দেশ থেকে বের করে দেওয়ার হুমকি দেয়। তিনি ভোটারদের উদ্দেশ্যে বলেন, আমাকে ভোট না দিলেও হবে, কিন্তু দেশকে পাকিস্তান বানাতে এদের ভোট দেবেন না।

