বহিষ্কারের সুবাদে মানুষের মন জয়লেন ব্যারিস্টার রুমিন ফারহানা

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে হাঁস প্রতীকে ৫০ হাজার ৫৭৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন ব্যারিস্টার রুমিন ফারহানা। সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে সাক্ষাৎকারে এই আইনজীবী ও রাজনীতিবিদ জানান, দলীয় মনোনয়ন না পেয়ে যে অপমান তিনি পেয়েছিলেন, সেজন্য তিনি বিএনপির প্রতি গভীরভাবে কৃতজ্ঞ। তার মতে, দল তাকে বাদ দেওয়ার কারণেই তিনি সরাসরি সাধারণ মানুষের কাছে পৌঁছাতে পেরেছেন এবং তাদের ভোটে সংসদে আসতে পেরেছেন।
রুমিন ফারহানা বলেন, দীর্ঘ ১৭ বছর তিনি একাই বিএনপির হয়ে মিডিয়া এবং আইনি লড়াইয়ে নেতৃত্ব দিয়েছেন। তবে মনোনয়ন না পাওয়ার পর তিনি হতাশ হননি, বরং আল্লাহর ওপর ভরসা করেছেন। তিনি উল্লেখ করেন, সংরক্ষিত মহিলা আসন বা কোনো রকম আপসের মাধ্যমে সংসদে আসা তার উদ্দেশ্য ছিল না; তিনি মর্যাদার সঙ্গে লড়াইয়ের জন্য জনগণের দ্বারস্থ হন। নির্বাচনের দিন ফলাফল ঘোষণার শেষ মুহূর্ত পর্যন্ত তিনি অনবরত দোয়া চেয়েছেন বলে জানান।
নিজের বহিষ্কারের কারণ সম্পর্কে তিনি বলেন, হয়তো একাই লড়াই করার কারণে দলের অনেকের কাছে তিনি বিরক্তির কারণ হয়েছিলেন অথবা এটি ছিল একটি আবেগপ্রবণ সিদ্ধান্ত। তবে এই ঘটনার পর তিনি যখন জনসংযোগে বের হন, তখন সাধারণ মানুষের প্রতি ভালোবাসা দেখে মুগ্ধ হন। এমনকি শপিং মলের ওয়াশরুম পরিচ্ছন্নতাকর্মী থেকে শুরু করে সর্বস্তরের মানুষ তাকে দোয়া করেছেন বলেও জানান তিনি।

