ত্রয়োদশ নির্বাচন সামনে রেখে জামায়াতের পলিসি সামিট শুরু

প্রাইম বার্তা অনলাইন
২০ জানুয়ারি ২০২৬ ১০:৩৬ এএম

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে ‘পলিসি সামিট–২০২৬’ এর কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। আজ মঙ্গলবার (২০ জানুয়ারি) সকাল ৯টায় পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে এই সামিটের উদ্বোধন করা হয়, যা বিকাল ৫টা পর্যন্ত চলবে। উদ্বোধনী পর্বে সামিটের মূল উদ্দেশ্য এবং এর কাঠামো সম্পর্কে বিস্তারিত তুলে ধরা হয়।

দেশের রাজনৈতিক অঙ্গনে এটি একটি উল্লেখযোগ্য আয়োজন, যেখানে বিভিন্ন সেক্টরের প্রতিনিধিরা অংশগ্রহণ করেছেন। সামিটে উপস্থিত রয়েছেন বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, রাজনৈতিক দলের শীর্ষ নেতা, শীর্ষস্থানীয় ব্যবসায়ী, পেশাজীবী, শিক্ষাবিদ এবং গণমাধ্যমের বিশিষ্ট ব্যক্তিবর্গ। দিনব্যাপী এই অনুষ্ঠানে বিশেষজ্ঞদের প্রবন্ধ উপস্থাপন, প্যানেল আলোচনা এবং মতবিনিময়ের মাধ্যমে নীতিগত সুপারিশ প্রণয়নের লক্ষ্যে কাজ করা হবে।

জামায়াতে ইসলামী জানিয়েছে, নির্বাচনের প্রাক্কালে রাষ্ট্র পরিচালনার নীতিগত দিকনির্দেশনা নিয়ে আলোচনার জন্যই এই সামিটের আয়োজন করা হয়েছে। এতে অর্থনীতি, শিক্ষা, স্বাস্থ্য, সুশাসন, কর্মসংস্থান এবং সামাজিক ন্যায়বিচারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ খাত নিয়ে পৃথক অধিবেশন অনুষ্ঠিত হবে। এসব আলোচনার ভিত্তিতে একটি মানবিক, দায়িত্বশীল ও জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থার রূপরেখা সবার সামনে তুলে ধরা হবে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...