জোট ছেড়ে বের হলো ইসলামী আন্দোলন, শূন্য ৪৭ আসনে কে?
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে জামায়াত নেতৃত্বাধীন ১০ দলীয় জোটে বড় ধরনের ধাক্কা লেগেছে। জোটের অন্যতম শরিক দল ইসলামী আন্দোলন বাংলাদেশ শুক্রবার বিকেলে জানিয়েছে, তারা এই জোটের সঙ্গে আর থাকছে না। ফলে জোটের সিদ্ধান্ত অনুযায়ী দলটির জন্য বরাদ্দ রাখা ৪৭টি আসন এখন শূন্য হয়ে পড়েছে। এই শূন্য আসনগুলো জোটের বাকি দলগুলোর মধ্যে কীভাবে বণ্টন করা হবে, তা নিয়ে চলছে তীব্র আলোচনা ও জল্পনা-কল্পনা।
এর আগে বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাতে জামায়াতের নায়েবে আমির ডা. আব্দুল্লাহ মোহাম্মদ তাহের ২৫৩টি আসনের সমঝোতার কথা ঘোষণা করেছিলেন। ওই সমঝোতা অনুযায়ী সবচেয়ে বেশি ১৭৯টি আসনে প্রার্থী দেবে জামায়াত। এছাড়া এনসিপি ৩০টি, বাংলাদেশ খেলাফত মজলিস ২০টি, খেলাফত মজলিস ১০টি, এলডিপি ৭টি, এবি পার্টি ৩টি, বিডিপি ২টি এবং নেজামে ইসলাম ২টি আসনে লড়ার সিদ্ধান্ত নেয়া হয়েছিল। কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশ জোট ছেড়ে বেরিয়ে এককভাবে ২৬৮টি আসনে ভোটের লড়াইয়ে নামার ঘোষণায় জোটের বরাদ্দের ধরন বদলে গেছে।
জোটের অভ্যন্তরীণ সূত্রে জানা গেছে, অবশিষ্ট ৪৭টি আসন নতুন করে ভাগাভাগি করা হবে। সম্ভাব্য এই বণ্টনে বড় অংশই পেতে যাচ্ছে জামায়াত। এক জ্যেষ্ঠ নেতা জানিয়েছেন, শূন্য আসনগুলোর মধ্যে ৩৫ থেকে ৪০টি আসনে জামায়াত নিজেদের প্রার্থী দেবে। বাকি ৭ থেকে ১২টি আসন জোটের ছোট শরিক দলগুলোর মধ্যে ভাগ হওয়ার কথা রয়েছে, যার মধ্যে এনসিপি, বাংলাদেশ খেলাফত আন্দোলন এবং এবি পার্টি অন্যতম।

